এনটিআরসিএর শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি। প্রথম আলো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রকাশিত ফলাফলে মোট ৫১ হাজার ৭৬১টি পদের বিপরীতে প্রার্থীদের সুপারিশ করা হয়েছে। রাত ১০টার পর থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে এসএমএস পেতে শুরু করেছেন।

মুঠোফোনে এসএমএস পাওয়ার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। প্রার্থীরা নির্ধারিত লিংকে প্রবেশ করে (http://103.230.104.210:8088/ntrca/c3/app/) ফলাফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের লিংকে প্রবেশ করে e-Results(Public Circular: 2021-03-30) বাটনে ক্লিক করতে হবে। সেখানে e-Results for Applicant View বাটনে ক্লিক করে নিবন্ধন ব্যাচের নম্বর ও রোল নম্বর বসিয়ে Find বাটন ক্লিক করে সুপারিশ পেয়েছেন কিনা দেখতে পারবেন।

চলতি বছরের ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্যপদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত।

মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পেয়েছেন। ২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা প্রার্থীদের মধ্যে যাঁদের বয়স ৩৫-এর বেশি হয়ে গেছে, তাঁরাও আবেদনের সুযোগ পেয়েছেন।