কেবিন ক্রু থেকে প্রশিক্ষক হলেন যেভাবে
২০০৭ সালে বেসরকারি এয়ারলাইনস কোম্পানি বেস্ট এয়ার লিমিটেডে কেবিন ক্রু হিসেবে চাকরি শুরু করেন রোকসানা আক্তার।
জিএমজি এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসেও কেবিন ক্রু হিসেবে চাকরি করেছেন তিনি। ২০১৪ সালে যোগ দেন ইউএস-বাংলা এয়ারলাইনসে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কেবিন ক্রু বিভাগের ইনচার্জ এবং কেবিন ক্রু প্রশিক্ষক হিসেবে চাকরি করছেন। রোকসানা আক্তার প্রথম আলোকে বলেন, এ পেশায় আসতে হলে শারীরিক সৌন্দর্যের চেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থীর উপস্থিত বুদ্ধি এবং নিজেকে উপস্থাপন করতে পারার যোগ্যতা। চৌকস ও চটপটে তরুণ-তরুণীরা এ পেশায় আসার সুযোগ পান।
চাকরি পাওয়ার আগে কেবিন ক্রু–বিষয়ক প্রশিক্ষণ প্রয়োজন কি না, এমন প্রশ্নের জবাবে রোকসানা আক্তার বলেন, চাকরির আগে প্রশিক্ষণের দরকার নেই। চাকরি হওয়ার পর এয়ারলাইনসগুলো প্রাথমিকভাবে তিন মাসের প্রশিক্ষণ দিয়ে থাকে। এরপর উড়োজাহাজে আরেকজন কেবিন ক্রুর সঙ্গে অন ডিউটি প্রশিক্ষণ দেওয়া হয়। কে কোন মডেলের উড়োজাহাজে দায়িত্ব পালন করবে, সেটাও নির্ভর করে প্রশিক্ষণের সফলতার ওপর। কেবিন ক্রু পদে পদোন্নতি নিয়ে রোকসানা আক্তার বলেন, পরিশ্রম করার ইচ্ছা আর যোগ্যতা থাকলে এ পদ থেকে ধাপে ধাপে পদোন্নতির সুযোগ রয়েছে। আমি অনার্স পাস করে একটি ব্যাংকে চাকরিজীবন শুরু করেছিলাম। ব্যাংকের চাকরি আমার ভালো লাগত না। এরপর কেবিন ক্রু হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম।
নিজের পরিশ্রম আর যোগ্যতায় কেবিন ক্রু হিসেবে চাকরি শুরু করেছিলাম। পদোন্নতি পেয়ে এখন কেবিন ক্রুদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। এত দূর আসার পেছনে আমাকে যেমন পরিশ্রম করতে হয়েছিল, তেমনি পরিবারের অবদানও কম নয়। এ পেশায় টিকে থাকার জন্য পরিবারের সহযোগিতা খুব জরুরি। এ ক্ষেত্রে আমি সৌভাগ্যবান, আমার পরিবারকে সব সময় পাশে পেয়েছি।