চলতি ঘটনার ফেব্রুয়ারি সংখ্যা বাজারে
প্রথমা প্রকাশিত চাকরি ও প্রতিযোগিতার পরীক্ষায় এগিয়ে থাকার ম্যাগাজিন ‘চলতি ঘটনা’র ফেব্রুয়ারি সংখ্যা বাজারে এসেছে। এটি সারা দেশের বইয়ের দোকান ও পত্রিকার হকারের কাছে পাওয়া যাবে। মূল্য ২০ টাকা।
চলতি ঘটনার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। আমাদের কাছে এই মাসের গুরুত্ব অনেক। চাকরির পরীক্ষা ও নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মাসের গুরুত্বপূর্ণ ঘটনা থেকে এমসিকিউ বা লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকে।
তাই আমরা এই মাসের গুরুত্ব দিয়ে এবার বিশেষ আয়োজন রেখেছি। সাবেক প্রয়াত প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের লেখা ‘অমর একুশ: মাতৃভাষা ও পরভাষা’ লেখা দিয়েছি। যেখানে ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এ ছাড়া থাকছে ভাষা আন্দোলনের কালপঞ্জি।
আব্দুল কাইয়ুম বলেন, ‘চাকরির পরীক্ষাগুলো এখনো স্বাস্থ্যবিধি মেনে নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে। তাই নিজেকে এগিয়ে রাখা জরুরি। প্রাথমিক শিক্ষক নিয়োগের তিনটি বিশেষ মডেল টেস্ট থাকছে এবারের সংখ্যায়। এই বিশাল নিয়োগ পরীক্ষায় ভালো করার সুযোগ নিতে এসব মডেল টেস্ট পড়ে নিজেকে এগিয়ে রাখুন।’
বিসিএস প্রস্তুতি: ৫০ প্রশ্নোত্তরে বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে এবারে বিশেষ আয়োজন থাকছে। ৪৪তম বিসিএসের কার্যক্রম শুরু হয়ে গেছে। পরীক্ষা মে মাসে হতে পারে বলে জানা গেছে। সেই বিষয়টির গুরুত্ব মাথায় রেখে এবার প্রকাশিত হলো বিশেষ মডেল টেস্ট। ২০০ প্রশ্নের এই মডেল টেস্ট আপনাকে কেবল বিসিএসে নয়, সব নিয়োগ পরীক্ষায় এগিয়ে রাখতে সহায়তা করবে। এ ছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএসের প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারের ভাইভা। প্রায় সময়ই প্রফেশনাল/ টেকনিক্যাল ভাইভা বোর্ডে পদসংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ এক্সপার্ট উপস্থিত থাকেন, তাই এই ভাইভা জেনারেল বা উভয় বোথ ক্যাডারের ভাইভা থেকে কিছুটা ভিন্ন হয়ে থাকে। প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারের ভাইভা প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত থাকছে চলতি ঘটনায়।
নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান হিসেবে থাকছে: কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ)-অডিটর, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড: অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট কো–অর্ডিনেটর ও সমন্বিত ৯ (নয়) ব্যাংক: অফিসার (জেনারেল)।
এ ছাড়া ব্যাংক, প্রাইমারি, বেসরকারি শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি পরীক্ষার নিয়োগ টিপস, আলোচিত সাধারণ জ্ঞান: ৫০টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে চলতি ঘটনার এই সংখ্যায়।
শওকত ওসমানের লেখা ‘আর্তনাদ’ থাকছে প্রিয় বই আলোচনায়। আরও রয়েছে জেলা পরিচিতি: গোপালগঞ্জ, ফরিদপুর, তথ্যপ্রযুক্তি ও পরিবেশ: চন্দ্রাভিযান, কপ-২৭, ৬-জি, এইচআইভি ও ম্যালেরিয়া টিকা। বাংলাদেশ: ২০২২ সালে যে চার বিষয়ে সবার দৃষ্টি থাকবে, ২০২২ সালে বিশ্ব অর্থনীতির পাঁচ হুমকি নিয়ে থাকছে আলাদা আয়োজন। শেষে থাকছে বাংলাদেশের টেস্ট জয়: নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজ। সব মিলে সংগ্রহে রাখার মতো একটি সংখ্যা এবারের চলতি ঘটনা।