তথ্য ক্যাডারে ১০ বছরেও পদোন্নতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালে চাকরিতে যোগ দিয়ে একটি পদোন্নতিও পাননি বেতারের ৫০ জন কর্মকর্তা

বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। বিসিএসে উত্তীর্ণ হয়ে বেতারে যোগ দিয়ে গত ১০ বছরে কোনো পদোন্নতি না পাওয়ারও নজির রয়েছে। বেতারের অনুষ্ঠান শাখায় কর্মরত ২৮তম বিসিএসের তথ্য ক্যাডারের ৫০ জন কর্মকর্তা এখনো তাঁদের চাকরিজীবনের প্রথম পদোন্নতি পাননি। তাঁরা চাকরিতে যোগ দিয়েছেন ২০১২ সালে।

অথচ ২৮তম বিসিএসে প্রশাসন, পুলিশসহ অন্যান্য ক্যাডারে যাঁরা নিয়োগ পেয়েছিলেন, তাঁরা কমপক্ষে একটি করে পদোন্নতি পেয়েছেন। কেউ কেউ দুটি পদোন্নতিও পেয়েছেন। পুলিশ ক্যাডারে ২৮তম বিসিএসে যাঁরা নিয়োগ পেয়েছিলেন, তাঁদের অনেকে এ বছর পুলিশ সুপার হয়েছেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে কেউ কেউ উপসচিব হয়েছেন। কিন্তু বেতারে যাঁদের পদায়ন, তাঁরা এখনো চাকরির প্রবেশ পদ সহকারী পরিচালক (অনুষ্ঠান) ও সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবেই আটকে আছেন।

তথ্য ক্যাডারের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯০ সালে তথ্য ক্যাডারে চারটি উপধারা সৃষ্টি করা হয়। তিনটি সাধারণ ও একটি বেতারের প্রকৌশলী। একটি ধারায় গণযোগাযোগ অধিদপ্তর (জেলা তথ্য অফিস), তথ্য অধিদপ্তর (পিআইডি) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে পদায়ন করা হয়। বাকি দুটি ধারায় বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগে পদায়ন করা হয়। এই তিন ধারার কর্মকর্তাদের মধ্যে কোনো সমন্বয় নেই, যদিও তাঁরা সবাই সরকারের তথ্য অফিসার এবং একই ক্যাডারে নিয়োগ, যোগ্যতা ও প্রশিক্ষণপ্রাপ্ত। উপধারাগুলোর কারণে বিভিন্ন ধরনের বৈষম্য ও বিশৃঙ্খলা হচ্ছে তথ্য ক্যাডারে। এতে সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। ফলে জনগণের করের টাকার সঠিক ব্যবহার হচ্ছে না।

বাংলাদেশ বেতারে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদোন্নতি না হওয়ার কারণে আর্থিক ক্ষতির চেয়েও মর্যাদাসংকট প্রকট আকার ধারণ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি থেকে পদোন্নতিজট নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একাধিকবার সুপারিশ পাঠানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ওই কর্মকর্তা বলেন, ‘২০১৯ সালের ৩১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুপারনিউমারারি পদ, অর্থাৎ অস্থায়ীভাবে পদ সৃজন করার মাধ্যমে বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতিজট ও বৈষম্য নিরসনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কিন্তু সেই সুপারিশও নাকচ করে দিয়েছে মন্ত্রণালয়। ফলে আমার মতো অনেকেই হতাশায় ভুগছেন।’

সভার কার্যপত্র থেকে জানা যায়, নবম গ্রেডে ৭৫ জন, ষষ্ঠ গ্রেডে ৯৬ জন, পঞ্চম গ্রেডে ১০ জন, চতুর্থ গ্রেডে ৭ জনসহ মোট ১৮৮ কর্মকর্তার পদোন্নতির জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা বলা হয়। পদোন্নতির সব শর্ত পূরণ করলেও শুধু প্রকৃত শূন্য পদ না থাকায় তাঁদের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। তাই তাঁদের পদোন্নতির জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টির সুপারিশ করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০১৯ সালের ২১ অক্টোবর তারিখের সভায়ও পদোন্নতিজট নিরসনে সুপারিশ করা হয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যায়নি।

বেতারের দীর্ঘদিনের পদোন্নতির সমস্যা সমাধানের বদলে সুপারনিউমারারি পদ সৃষ্টির সুপারিশ নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সওব্য-৯ শাখা থেকে বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগ ও বার্তা বিভাগে সুপারনিউমারারি পদ সৃজন করা সমীচীন হবে না মর্মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জানানো হয়। এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ছুটিতে থাকায় কেউ মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নুরুল আবছারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে বেতারে কর্মরত তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সুপারনিউমারারি পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করার সুপারিশ করা হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।