বাজারে চলতি ঘটনার নভেম্বর সংখ্যা
বাজারে এসেছে চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখার মাসিক ম্যাগাজিন চলতি ঘটনার নভেম্বর সংখ্যা। এটি প্রথমা প্রকাশন থেকে প্রতি মাসে প্রকাশিত হয়।
চলতি ঘটনার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দেশে করোনার সংক্রমণ কমে আসায় নিয়োগ পরীক্ষাগুলো বেশ জোরেশোরেই অনুষ্ঠিত হচ্ছে। এ সময় এগিয়ে থাকা জরুরি। বিষয়টি মাথায় রেখে এবারের চলতি ঘটনায় ব্যাংক টিপস ও মডেল টেস্ট, প্রাইমারি নিয়োগ টিপস ও মডেল টেস্ট, বেসরকারি স্কুল ও কলেজশিক্ষক নিয়োগ প্রস্তুতি নিয়ে বিশেষ আয়োজন থাকছে। এসব পড়লে এ-সংক্রান্ত চাকরিগুলোয় ভালো প্রস্তুতি নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও চলমান। সে জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মডেল টেস্টের ২৫০টি প্রশ্নোত্তর থাকছে এবারের চলতি ঘটনায়। নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান চান আমাদের পাঠকেরা। তাই প্রশ্নের সমাধান হিসেবে সদ্য শেষ হওয়া ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সমাধান, এনএসআই (সহকারী পরিচালক), এনএসআই (ফিল্ড অফিসার), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (সহকারী ব্যবস্থাপক), প্রবাসীকল্যাণ ব্যাংকের (সিনিয়র অফিসার) নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান থাকছে চলতি ঘটনায়।
এবারের একটি বড় অংশজুড়ে আছে নোবেল পুরস্কার। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ বিষয় থেকে প্রশ্ন হয়। এ ছাড়া এ পুরস্কারের বিষয়ে জেনে থাকা মানে এগিয়ে থাকা। তাই নোবেল পুরস্কার নিয়ে বিশেষ আয়োজনে থাকছে এবার, নোবেল: ৫০টি বাছাই প্রশ্নোত্তর।
এবারের আলোচিত আন্তর্জাতিক বিষয় হচ্ছে, ইউরোপের প্রথম নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট আইসল্যান্ডে, আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং অপরাধের সন্ধান প্যান্ডোরা পেপারস। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়টি প্রস্তাব জানা যাবে এবারের চলতি ঘটনায়। প্রিয় বই ‘নিষিদ্ধ লোবান’, জেলা পরিচিতি: যশোর, নড়াইল এবং খেলার সর্বশেষ থাকছে চলতি ঘটনার এ সংখ্যায়।
৯৬ পৃষ্ঠার এই ম্যাগাজিনের দাম ২০ টাকা।