বিসিএসে প্রাথমিক সুপারিশ পাওয়ার পর করণীয়
সম্প্রতি প্রকাশিত ৪০তম বিসিএসের ফলাফলে ১ হাজার ৯৬৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। চূড়ান্ত নিয়োগ পেতে এসব প্রার্থীকে আরও দুটি ধাপ অতিক্রম করতে হবে। তাই এখন প্রার্থীদের সতর্কতার সঙ্গে চলতে হবে।
বিভিন্ন ক্যাডারে যাঁরা প্রাথমিক সুপারিশ পেয়েছেন, তাঁদের তালিকা এখন পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। এরপর প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ প্রদানের পর প্রতিটি ক্যাডারের স্ব স্ব মন্ত্রণালয় থেকে পদায়ন/পোস্টিং অর্ডার প্রকাশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেটে উল্লেখিত নির্ধারিত তারিখে স্ব স্ব মন্ত্রণালয়ের অর্ডারে উল্লেখিত কর্মস্থলে একজন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র ও যোগদানপত্র দাখিল করে তাঁর যোগদানপ্রক্রিয়া সম্পন্ন করেন। সর্বশেষ (বিশেষ বিসিএস বাদ দিয়ে) ৩৮তম বিসিএসে চূড়ান্ত ফলাফলের পর স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করতে আট মাসের মতো সময় লেগেছে।
স্বাস্থ্য পরীক্ষা
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, সুপারিশপ্রাপ্ত সব ক্যাডারের প্রার্থীদের গ্রুপ করে নির্ধারিত তারিখে কয়েকটি হাসপাতালে অনুষ্ঠেয় মেডিকেল বোর্ডে উপস্থিত থাকতে হয়। মেডিকেল বোর্ডে উপস্থিতির আগে বুকের এক্স-রে ও চোখ পরীক্ষার প্রতিবেদন সংগ্রহ করে রাখতে হয়। অনেক সময় কর্তৃপক্ষের নির্দেশনা থাকলে ডোপ টেস্ট রিপোর্টও করাতে হতে পারে। সরকারি প্রতিষ্ঠান যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুকের এক্স-রে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে চোখের পরীক্ষা করানো উচিত, এতে প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বেশি থাকে। মেডিকেল বোর্ডে সাধারণত প্রার্থীদের বুকের এক্স-রে ও চোখের পরীক্ষার প্রতিবেদন সংগ্রহ করা হয় এবং স্বাস্থ্যগত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। চোখের পরীক্ষার জন্য অনেক সময় দূরের দেয়ালে বিভিন্ন সাইজের বর্ণ ও সংখ্যা দিয়ে চোখের দৃষ্টি পরীক্ষা করা হতে পারে। অতিরিক্ত পরীক্ষা হিসেবে স্বাস্থ্য পরীক্ষার দিনে ইউরিন টেস্ট যুক্ত হতে পারে।
ভেরিফিকেশন
একজন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর যাবতীয় তথ্য, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য যাচাই করা হয়। সরকার নির্ধারিত সংস্থা দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। ভেরিফিকেশনের সময় প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টসহ দেখা করতে বলা হতে পারে বা প্রার্থীকে না জানিয়েও ভেরিফিকেশন হয়ে যেতে পারে। তাই ভেরিফিকেশনের আগেই প্রার্থীকে সব একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, জন্মসনদ, নিজের/বাবা/মায়ের নামে থাকা জমির দলিল, বিসিএসের প্রবেশপত্র ও আবেদনের কপি, বিসিএসের চূড়ান্ত ফলাফলসহ (প্রথম ও শেষ পৃষ্ঠা এবং যে পৃষ্ঠায় আপনার নিবন্ধন নম্বর আছে সেই পৃষ্ঠা) ভেরিফিকেশনকারী কর্তৃপক্ষ কর্তৃক চাওয়া অন্য কোনো ডকুমেন্ট প্রস্তুত রাখা প্রয়োজন।
বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১–এর বিধি-৪–এর ৩(ক) অনুসারে, নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল বোর্ডে স্বাস্থ্যগত অযোগ্যতা বা দৈহিক বৈকল্য দেখা দিলে সমাধান না হওয়া পর্যন্ত প্রার্থীকে চাকরিতে নিয়োগ করা যাবে না। এই ধারার ৩(খ) অনুসারে, প্রার্থীর ভেরিফিকেশনে বা তদন্তে চাকরিতে যোগ দেওয়ার অযোগ্য বিবেচিত হলে তাঁর সুষ্ঠু উপযুক্ততা না হওয়া পর্যন্ত প্রার্থীকে চাকরিতে নিয়োগ করা যাবে না। প্রতি বিসিএসেই ভেরিফিকেশন প্রক্রিয়ায় নেতিবাচক প্রতিবেদনের কারণে কিছুসংখ্যক প্রার্থী চূড়ান্ত নিয়োগ লাভে ব্যর্থ হন। তাই সমস্যা তৈরি করতে পারে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে প্রার্থীদের বিরত থাকা প্রয়োজন।
৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম প্রথম আলোকে বলেন, ভেরিফিকেশনের জটিলতা এড়াতে আপনার বিরুদ্ধে আগে থেকে কোনো আইনি প্রক্রিয়া চলমান থাকে, সেটি দ্রুত নিষ্পত্তি করে নিন। কেউ ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিতে পারে, এমন মনে হলে তদন্তকারী কর্মকর্তাকে সে বিষয়ে অবহিত করুন। সঠিক তথ্য–প্রমাণাদি উপস্থাপন ও আপনার উপযুক্ততা প্রমাণ করার চেষ্টা করবেন। আপনি কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকলে আপনার অফিসেও ভেরিফিকেশন হতে পারে। ভেরিফিকেশনে বাদ পড়া মানে এই নয় যে তিনি চাকরি থেকে স্থায়ীভাবে বাদ পড়ে গেলেন। আপনি যদি সত্যিই চাকরির জন্য উপযুক্ত হন এবং ভুলক্রমে বাদ পড়ে থাকেন, তাহলে পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে অবশ্যই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন।
নন-ক্যাডার সুপারিশের জন্য অপেক্ষমাণ প্রার্থী
যাঁরা ৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু পদস্বল্পতায় ক্যাডারে সুপারিশ করা সম্ভব হয়নি, তাঁদের নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ ও সংশোধিত বিধিমালা ২০১৪ অনুসারে শূন্য পদের চাহিদাপত্র প্রাপ্তি সাপেক্ষে মেধা ও নিয়োগ বিধিমালা অনুসরণ করে প্রথম (৯ম গ্রেড) ও দ্বিতীয় শ্রেণির (১০ম, ১১তম ও ১২তম গ্রেড) বিভিন্ন নন–ক্যাডার চাকরিতে সুপারিশের উদ্যোগ নেওয়া হয়। একটি বিসিএসে কতজন প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করা হবে, তার সংখ্যা মন্ত্রণালয়ের শূন্য পদের চাহিদাপত্রের ওপর নির্ভর করে। সর্বশেষ ৩৮তম বিসিএসে ৬ হাজার ১৭৩ জন নন–ক্যাডারে অপেক্ষমাণ প্রার্থী থেকে ১ হাজার ৬৭৩ জন প্রার্থীকে প্রথম শ্রেণি ও ১ হাজার ৫৮২ জন প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার চাকরিতে সুপারিশ করা হয়েছে।
নন-ক্যাডারে সুপারিশ পদ্ধতি
বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের প্রথম (৯ম গ্রেড) ও দ্বিতীয় শ্রেণির (১০ম, ১১তম ও ১২তম গ্রেড) নন–ক্যাডার শূন্য পদের তালিকা প্রদানের মাধ্যমে প্রার্থী সুপারিশের চাহিদাপত্র দেওয়া হয়। শূন্য পদের ওপর ভিত্তি করে পিএসসি প্রার্থীদের বিভিন্ন নন-ক্যাডার চাকরিতে সুপারিশ করে থাকে। একজন প্রার্থী জেনারেল, প্রফেশনাল বা উভয় ক্যাডার যেভাবেই আবেদন করুন, তাঁর মেধাক্রম তালিকা ও নিয়োগবিধি অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকলে, তাঁর সব নন-ক্যাডার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিধিমালা অনুসারে যেকোনো বিভাগের প্রার্থী সহকারী পরিচালক হতে পারবেন। এই পদে সুপারিশের জন্য পিএসসি সব প্রার্থীকে নিয়ে সম্মিলিত মেধাতালিকা তৈরি করবে। কিন্তু গ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ বিধিমালা অনুসারে জেলা লাইব্রেরিয়ান হতে হলে তাঁকে অবশ্যই গ্রন্থাগার বিজ্ঞানে পড়াশোনা থাকতে হবে। তাই এই পদে সুপারিশের জন্য পিএসসি গ্রন্থাগার বিজ্ঞানে পড়াশোনা করা প্রার্থীদের মেধাতালিকা তৈরি করবে। পিএসসি যে দপ্তরের চাহিদাপত্র আগে পাবে, সেই দপ্তরে প্রার্থীদের আগে সুপারিশ করবে। আগের বিসিএসগুলোর নন–ক্যাডার পদের সুপারিশ বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথমে প্রথম শ্রেণির পদগুলো এবং পরে দ্বিতীয় শ্রেণির পদগুলোতে সুপারিশ করা হয়েছে। নন–ক্যাডারে সুপারিশকৃত প্রার্থীদেরও ক্যাডার প্রার্থীদের মতো স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন প্রক্রিয়ার পর স্ব স্ব মন্ত্রণালয় নিয়োগ গেজেট ও পোস্টিং অর্ডার করে থাকে।
রবিউল আলম লুইপা, ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা)