৬০০ কর্মীকে আগাম অবসরে পাঠাচ্ছে মিতসুবিশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার কারণে মিতসুবিশি কর্মীদের আগাম অবসরে পাঠাচ্ছে
ছবি: রয়টার্স

করোনার কারণে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা লোকবল কমিয়ে ফেলছে। কোনো কোনো প্রতিষ্ঠান বেতনও কমাচ্ছে। কেউ কেউ কাজের ভিত্তিতে বেতনের পদ্ধতিতেও এগিয়ে যাচ্ছে কোনো প্রতিষ্ঠান। এবার শোনা গেল জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা মিতসুবিশি আগামী নভেম্বরে কিছু কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মিতসুবিশি আগামী নভেম্বরের মাঝামাঝি তাদের ৫০০ থেকে ৬০০ কর্মীকে আগাম অবসরে পাঠানোর কথা চিন্তা করছে। কোভিড-১৯–এর কারণে বিক্রি কমে যাওয়ায় পুনর্গঠনমূলক পদক্ষেপের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে গাড়ি নির্মাতা কোম্পানিটি। যাঁদের আগাম অবসরে পাঠানো হবে, তাঁরাই অধিকাংশই ব্যবস্থাপনা বিভাগের কর্মী।

করোনার কারণে বিক্রি কমে যাওয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি আগামী বছরের মার্চের মধ্য ৩৬০ বিলিয়ন ইয়েন লোকসান হবে বলে মনে করছে। খরচ কমানোর জন্য মিতসুবিশি আগামী ২ বছরে ২০ শতাংশ খরচ কমানোর চিন্তাভাবনা করছে। সার্বিক ব্যয় ২০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে গত জুলাইয়ের মধ্যমেয়াদি পরিকল্পনায় ব্যয় কমিয়ে আনার কথা জানিয়েছিল মিতসুবিশি। ব্যবস্থাপক পদসহ যেসব কর্মীর বয়স ৪৫ বা তার বেশি, তাঁদের আগাম অবসরে পাঠানো হতে পারে। কোম্পানিটির টোকিওর প্রধান কার্যালয় ও আইচি এবং ওকাইয়ামার কারখানাগুলোর কর্মীরা আগাম অবসর কর্মসূচির আওতাভুক্ত হবেন বলে জানা গেছে।

তবে মিতসুবিশির মুখপাত্র কর্মীদের আগাম অবসরে পাঠানোর ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। গত মার্চ নাগাদ মিতসুবিশির মোট কর্মী ছিলেন ১৪ হাজারের মতো। সাম্প্রতিক বছরগুলোয় গাড়ি নির্মাতা কোম্পানি নিশান ও রেনোঁর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছিল মিতসুবিশি।

মিতসুবিশির সবচেয়ে বড় বাজার চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায়। করোনার কারণে বিক্রি কমে গেছে এই দুই এলাকায়। ফলে সর্বশেষ তিন মাসের হিসাবে বিক্রি কমেছে মিতসুবিশির। লোকসান শূন্য নামিয়ে লাভে ফিরতে মরিয়া কোম্পানিটি ত্রিমুখী জোটের মাধ্যমে দক্ষিণ–পূর্ব এশিয়ার বাজারে শক্ত অবস্থান নিতে চাইছে। একই সঙ্গে পাজেরো এসইউভি নির্মাণ বন্ধ রেখেছিল। কিন্তু আগামী বছর পাজেরো এসইউভি গাড়ি বাজারে আনতে আবার কাজ শুরু করেছে মিতসুবিশি।