টাটা গোষ্ঠীর পরিচালক পদও হারালেন সাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইরাস মিস্ত্রি
সাইরাস মিস্ত্রি

এবার টাটা গোষ্ঠীর পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হলো সাইরাস মিস্ত্রিকে। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া এ তথ্য জানায়। টাটা সন্সের মুখপাত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বলে জানানো হয় প্রতিবেদনে।

আজ সোমবার বোর্ডসভায় শেয়ারহোল্ডারদের সঙ্গে অনেক তর্ক-বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয় টাটা সন্স। চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর গোষ্ঠীর পরিচালক পদ থেকে তাঁকে সরাতে এই বিশেষ সাধারণ সভা বা ইজিএম ডাকে টাটা সন্স।

এর আগে গতকাল রোববার, সাইরাস মিস্ত্রির বিরুদ্ধে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কমিটিতে বিভ্রান্তিকর তথ্য প্রদান, প্রতিশ্রুতি ফিরিয়ে নেওয়া, ক্ষমতার অপব্যবহার ও ব্যবস্থাপনা কাঠামো দুর্বল করার অভিযোগ আনে টাটা সন্স।

গত ২৪ অক্টোবর ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হয়। আগের চেয়ারম্যান রতন টাটাকে ফিরিয়ে আনা হয়। এর এক দিন পর সাইরাসের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির স্বার্থবিরোধী কাজের অভিযোগ আনা হয়।

সাইরাসের বিরুদ্ধে পরিবারের ‘মূল্যবান সম্পদ বিক্রির অভিপ্রায়ের’ অভিযোগ উঠেছে। এ ছাড়া জাপানি কোম্পানি ডোকোমোর সঙ্গে মামলায় ১২০ কোটি ডলার খোয়ানোয় ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

চার বছর ধরে চেয়ারম্যান থাকার পর সাইরাস মিস্ত্রি এ পদ থেকে চলে যেতে বাধ্য হন। তিনিই টাটা অ্যান্ড সন্স কোম্পানিতে প্রথম চেয়ারম্যান ছিলেন, যিনি এ পরিবারের সরাসরি সদস্য ছিলেন না। সাইরাস ছিলেন টাটা অ্যান্ড সন্সের অন্যতম বড় সহযোগী গোষ্ঠী শাপুরজি পালোনজি পরিবারের সদস্য। বিশ্বের প্রায় ১০০টি দেশে এ গোষ্ঠীর কার্যক্রম রয়েছে।