ঢাকা থেকে উড়বে সিঙ্গাপুর এয়ারলাইনের 'এয়ারবাস এ৩৫০'

এখন থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে ‘এয়ারবাস এ৩৫০-৯০০ মডেলের মিডিয়াম হউল’ উড়োজাহাজে যাত্রী পরিবহন করবে সিঙ্গাপুর এয়ারলাইনস। আগামী ১ ফেব্রুয়ারি প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে চলাচল করবে।
এর বাইরে অন্য ফ্লাইটগুলোর উড়োজাহাজ আগেরটাই থাকবে। এই ফ্লাইটগুলো সপ্তাহে তিন দিন (বুধ, বৃহস্পতি ও রোববার) ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে চলাচল করবে।
ঢাকা থেকে এই মুহূর্তে অন্য কোনো এয়ারলাইনস এয়ারবাস এ৩৫০ মডেলের উড়োজাহাজে যাত্রী পরিবহন করছে না। সিঙ্গাপুর এয়ারলাইনস প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে। এই উড়োজাহাজে মোট আসন ৩০৩টি। এর মধ্যে ৪০টি বিজনেস ক্লাসের। ২৬৩টি ইকোনমি ক্লাসের। বৃহৎ পরিসরের এই এয়ারবাসে যাত্রীরা আরও বেশি সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিয়ে ভ্রমণ করতে পারবে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই উড়োজাহাজের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন সিঙ্গাপুর এয়ারলাইনসের বাংলাদেশে মহাব্যবস্থাপক (জিএম) জর্জ রবার্টসন। এ সময় এয়ারলাইনসটির বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রিফাত কাদের উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জর্জ রবার্টসন বলেন, বাংলাদেশে সিঙ্গাপুরে ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। এ কারণে সিঙ্গাপুর এয়ারলাইনস প্রতি সপ্তাহে ১০টি ফ্লাইট অপারেট করছে। নতুন যে এয়ারবাসটি এই রুটে চলবে তা ভোরে সিঙ্গাপুরে পৌঁছাবে। ফলে ভ্রমণকারীরা পুরো দিনটা ভ্রমণ ও ঘোরার সময় পাবেন। এটা পর্যটকদের সাশ্রয় দেবে। ভাড়ার বিষয়ে তিনি বলেন, ইকোনমি ক্লাসে ভাড়া ২৯ হাজার টাকার এবং বিজনেস ক্লাসে তা এক লাখ ২৫ হাজার মতো পড়বে।
রবার্টসন বলেন, এ৩৫০-৯০০ মডেলের এয়ারবাসটিতে রয়েছে অত্যাধুনিক 'থ্যালেস এভান্ট' অভ্যন্তরীণ বিনোদন সিস্টেম। উড়োজাহাজটির নকশায় রয়েছে নতুন ইউজার ইন্টারফেস, যা যাত্রীদের দেবে দারুণ ভ্রমণ অভিজ্ঞতা। ভ্রমণকারীরা সিঙ্গাপুর এয়ারলাইনের নতুন এই এয়ারবাসটিতে স্ব-নিয়ন্ত্রণে মাইক্রিসওয়ার্ল্ডের ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট (আইএফই) উপভোগ করতে পারবেন। নিজেদের পছন্দ ও পূর্বের দেখা কনটেন্ট হিস্ট্রি অনুযায়ী ভ্রমণকারীরা বিনোদনমূলক কনটেন্ট দেখতে পারবেন। এয়ারক্র্যাফটটিতে ভ্রমণের আগে ভ্রমণকারীরা সিঙ্গাপুর এয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী প্লে-লিস্ট বাছাই করতে পারবেন। এয়ারবাসটির অভ্যন্তরে ভ্রমণকালীন সময়ে ভ্রমণকারীরা উচ্চগতি সম্পন্ন ওয়াই-ফাই সুবিধা পাবেন। তিনি বলেন, এ৩৫০-৯০০ মডেলের এয়ারবাসটিতে রয়েছে উঁচু সিলিং, বড় জানালা, অধিক জায়গা, যা ভ্রমণের জন্য হবে আরও আরামদায়ক। ভ্রমণ ক্লান্তি দূর করতে উড়োজাহাজটির অভ্যন্তরে সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে।