পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - সমাজবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : সৃজনশীল প্রশ্ন
অধ্যায় ৫
সৃজনশীল প্রশ্ন
সাইমুন ইউটিউবে আফ্রিকার আদিম সমাজের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি দেখলেন। সেখানে দেখতে পেলেন, নারী-পুরুষ অস্থায়ী যুগল বন্ধনে পরিবার গঠন করছেন। এই পরিবারের স্থায়িত্ব নির্ভর করে তাঁদের ইচ্ছার ওপর। দেখা যাচ্ছে, একটি সন্তান হলেই এই পরিবারের বিলুপ্তি ঘটছে।
প্রশ্ন
ক. অনুলোম বিবাহ কী?
খ. পরিবার গঠনে বিবাহের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. সাইমুনের দেখা পরিবারের সঙ্গে মর্গান বর্ণিত কোন ধরনের পরিবারের মিল রয়েছে?
ঘ. পরিবারের বিবর্তনে এটি সর্বশেষ ধরন নয়—মর্গানের তত্ত্বের আলোকে প্রমাণ করো।
উত্তর
ক. উচ্চবর্ণের পাত্রের সঙ্গে নিম্নবর্ণের পাত্রীর বিবাহকে অনুলোম বিবাহ বলে।
খ. বিবাহ বলতে নারী-পুরুষের মধ্যে সমাজস্বীকৃত বন্ধনকে বোঝায়, যার ভিত্তিতে তাঁরা একসঙ্গে বসবাস করতে পারেন ও পরিবার গঠন করতে পারেন। পরিবার গঠনের মূল ভিত্তিই হলো বিবাহ। বিবাহ ছাড়া পরিবার গঠনে সামাজিক স্বীকৃতি থাকে না। তাই পরিবার গঠনে বিবাহ গুরুত্বপূর্ণ।
গ. সাইমুনের দেখা পরিবার হলো সিনডিয়াসমিয়ান পরিবার। সিনডিয়াসমিয়ান পরিবার বলতে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে অস্থায়ী যুগল বন্ধনকে বোঝায়। এই পরিবার গঠিত হয় অস্থায়ী ভিত্তিতে এবং পরিবারের স্থায়িত্ব নির্ভর করে তাঁদের খেয়ালখুশিমতো। তবে অধিকাংশ ক্ষেত্রে প্রথম সন্তান জন্ম হওয়ার পর এই পরিবারের বিলুপ্তি ঘটে। মর্গানের মতে, পরিবারের বিবর্তনে এটি হচ্ছে তৃতীয় স্তরের পরিবার এবং চতুর্থ স্তরের যৌনজীবন। এ ধরনের পরিবার আধুনিক একক পরিবারের প্রথম সূচনা বলে ধারণা করা হয়।
উদ্দীপকে দেখা যাচ্ছে, পরিবারটি নারী-পুরুষের অস্থায়ী বন্ধনে গঠিত হচ্ছে এবং সন্তান জন্মদান পর্যন্ত স্থায়ী হচ্ছে, যা মর্গান বর্ণিত সিনডিয়াসমিয়ান পরিবারের পরিচয় বহন করে।
ঘ. পরিবারের বিবর্তনে মর্গান বর্ণিত সর্বশেষ ধরন হচ্ছে মনোগামী পরিবার। সিনডিয়াসমিয়ান পরিবারের পরবর্তী স্তর হলো পিতৃপ্রধান পরিবার। এই পরিবার গড়ে ওঠে একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে। এ ধরনের পরিবারে ক্ষমতা থাকে স্বামী কিংবা বয়স্ক ব্যক্তির হাতে। সিনডিয়াসমিয়ান পরিবারের বিলুপ্তির পর ক্ষমতা পুরুষের হাতে চলে আসে এবং একজন পুরুষ একাধিক বিয়ে করেন। সাধারণত কৃষিভিত্তিক সমাজে এই পরিবারের অস্তিত্ব লক্ষণীয়। এটি চতুর্থ স্তরের পরিবার এবং পঞ্চম স্তরের যৌনজীবন।
পিতৃপ্রধান পরিবারের পর মনোগামী বা একক পরিবার গড়ে ওঠে। একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহবন্ধনের ভিত্তিতে এই পরিবার গড়ে ওঠে। এই পরিবার মোটামুটি স্থায়ী যুগল পরিবার। এটি আধুনিক পরিবারের সর্বজনীন রূপ। মূলত শিল্প সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে এ ধরনের পরিবার গড়ে ওঠে। মর্গানের মতে, এটি পঞ্চম স্তরের পরিবার এবং ষষ্ঠ স্তরের যৌনজীবন। এটিই পরিবারের সর্বশেষ এবং সর্বজনীন ধরন।
মোহাম্মদ হেদায়েত উল্লাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
এই বিষয়ের প্রকাশিত পূর্বের সৃজনশীল প্রশ্ন