এ বছর আলাদা করে জেএসসি পরীক্ষার সুযোগ থাকছে না: শিক্ষামন্ত্রী

জেএসসি ও জেডিসি পরীক্ষা এ বছর হচ্ছে না
প্রথম আলো ফাইল ছবি

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। তবে তাদের মূল্যায়ন হবে শ্রেণিতে—এমনটাই জানা গেল শিক্ষামন্ত্রী দীপু মনির এক বক্তব্য থেকে।

আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আলাদা করে বোধ হয় জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না। মনে হয় না জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবেন। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে।

এ সময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও তাই (পাবলিক পরীক্ষার মতো না নেওয়া) হবে।

আরও পড়ুন
ফাইল ছবি

জেএসসি পরীক্ষা যে হচ্ছে না সেটি গতকাল সোমবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশের পরেই বোঝা গিয়েছিল। কারণ, ওই দুই পরীক্ষার সময়সূচি যেভাবে করা হয়েছে, তাতে এ বছর জেএসসি পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবছর নভেম্বর মাসে জেএসসি, জেডিসি ও পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরও এই পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।

গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বরে। আবার এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসজুড়ে হবে। সুতরাং, নভেম্বর ও ডিসেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই।

এ ছাড়া জেএসসি পরীক্ষা নেওয়ার প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপা থেকে শুরু করে যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তা-ও নেওয়া হয়নি।

ফাইল ছবি

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জেএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাননি। আরেকজন কর্মকর্তা জানান, জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি জানাবেন। এখন আজ শিক্ষামন্ত্রী বক্তব্যে বোঝা গেল এ বছর আর জেএসসি পরীক্ষা হচ্ছে না।