খুদে বার্তায় পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে

শতভাগ পাশের ফলাফল পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ৩০ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রত্যাশিত না হলে খুদে বার্তার মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আগামীকাল শুক্রবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য এ আবেদন করা যাবে। আবেদনপদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল অপারেটর টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর মোর্চা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

শতভাগ পাশের ফলাফল পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ৩০ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার

আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ফলাফল প্রকাশ করেন। পরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।