তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

.
.

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি ব্যবহার লেখো।
উত্তর : দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির নানামুখী ব্যবহার রয়েছে। কয়েকটি ব্যবহার নিচে দেওয়া হলো :
১. মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানা যায়।
২. মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়।
৩. অনলাইন ও ইন্টারনেট ব্যবহারে ঘরে বসেই চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়।
৪. অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়েই ট্রেনের এবং প্লেনের টিকিট কেনা যায়।
৫. অনলাইনে ইন্টারনেটের সহায়তায় সব ধরনের পত্রিকা (যা ইন্টারনেটে থাকে) পড়া যায়।
৬. ইন্টারনেটে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বিল পরিশোধ করা যায়।
৭. এক স্থান থেকে অন্য স্থানে টাকাপয়সা পাঠানো যায়।
৮. ই-বুক সুবিধা পাওয়া যায়।

প্রশ্ন: ব্যবসাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা লেখো।
উত্তর : ব্যবসাক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হলো :
১. কম সময়ে অধিক পরিমাণ কাজ করা যায়। এতে ব্যবসার খরচ কমে।
২. মজুত নিয়ন্ত্রণ করা যায়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুতের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায়।
৩. উৎপাদন স্বয়ংক্রিয়করণসহ আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়।
৪. কর্মী ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়।
৫. ই-মেইল ব্যবস্থার মাধ্যমে ব্যবসাক্ষেত্রে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়।
৬. ইন্টারনেটের মাধ্যমে পণ্যের খবর বিভিন্ন ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেওয়া যায়। এতে পণ্যের প্রচার সহায়তা পাওয়া যায়।
৭. মোবাইল ফোনের মাধ্যমে মৌখিক যোগাযোগ, ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা পাওয়া যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা