মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল ১০ ডিসেম্বরের মধ্যে

চলতি বছর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সব বিদ্যালয়কে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য ২৫ নভেম্বর থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা হবে। আগামী ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ আবেদনকৃত শিক্ষার্থীদের অনলাইন লটারির দিন ধার্য রয়েছে। এ কারণে সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সব বিদ্যালয়কে অনুরোধ করা হলো।