রসায়ন

রচনামূলক অংশ  সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ রসায়ন বিজ্ঞান বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর এবং উত্তর লেখার কৌশল আলোচনা করা হলো। # নিচের উদ্দীপকটি দেখ এবং প্রশ্নোগুলোর উত্তর দাও।X, Y ও Z-এ মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, Y-এর অষ্টক পূর্ণ আছে। X-এর অষ্টক পূরণে যতটি ইলেকট্রন কম রয়েছে Z-এর সর্ববহিস্থ স্তরে ততটি ইলেকট্রন রয়েছে। এদের পারমাণবিক সংখ্যা নিম্নরূপ:মৌল X Y Z পারমাণবিক সংখ্যা 35 36 37প্রশ্ন: ক) অষ্টক কাকে বলে? প্রশ্ন: খ) ক্লোরিনকে হ্যালোজেনভুক্ত মৌল বলা হয় কেন? প্রশ্ন: গ) ক্যালসিয়ামের সঙ্গে X মৌলটি কোন ধরনের বন্ধন গঠন করে বর্ণনা করো। প্রশ্ন: ঘ) X, Y ও Z মৌল তিনটি একই পর্যায়ভুক্ত কি না, যুক্তিসহ লেখো। উত্তর: ক) [জ্ঞান অংশে অষ্টকের সংজ্ঞা দেবে।][একটি পরমাণুর সর্ববহিস্থ স্তরে সুস্থিত আটটি ইলেকট্রনের সেটকে অষ্টক বলে।]উত্তর: খ) [জ্ঞান অংশে হ্যালোজেনের সংজ্ঞা দেবে এবং অনুধাবন অংশে ক্লোরিন হ্যালোজেনভুক্ত কেন, তার কারণ লিখবে।]পর্যায় সারণিতে গ্রুপ VII-এর মৌলগুলোকে (অ্যাস্টেটিন বাদে) হ্যালোজেন বলে। ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে বলে এটি গ্রুপ VII-এর মৌল। গ্রুপ VII-এর মৌল হওয়ায় এটি হ্যালোজেনভুক্ত মৌল।উত্তর: গ) [ক্যালসিয়াম একটি ধাতু এবং X মৌলটি একটি অধাতু। ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। তাই এ প্রশ্নটির জ্ঞান হলো, আয়নিক বন্ধনের সংজ্ঞা। অনুধাবন অংশ হলো Ca ও X মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস। উদ্দীপকে মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাসের ধারণা দেওয়া আছে। প্রয়োগ অংশে মৌলদ্বয় কীভাবে আয়নিক বন্ধন গঠন করে তা লিখবে।]পরমাণু ইলেকট্রন প্রদান ও গ্রহণের ফলে সৃষ্ট আয়নের মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয়, তাকে আয়নিক বন্ধন বলে।Ca ও X মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: Ca (20) : 2, 8, 8, 2 X (35) : 2, 8, 18, 7 Ar (18) : 2, 8, 8 Y (36) : 2, 8, 18, 8ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় Ca পরমাণুর সর্ববহিস্থ স্তরে দুটি ইলেকট্রন রয়েছে। এ দুটি ইলেকট্রন ত্যাগ করে Ca নিকটস্থ নিস্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, যা অত্যন্ত সুস্থিত। ইলেকট্রন বর্জনের ফলে মৌলটি Ca+ আয়নে পরিণত হয়।পক্ষান্তরে X-এর সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। 2টি X পরমাণুর প্রত্যেকে 1টি করে ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিস্ক্রিয় গ্যাস Y-এর ইলেকট্রন বিন্যাস লাভ করে, যা অত্যন্ত সুস্থিত। ইলেকট্রন গ্রহণের ফলে পরমাণুদ্বয় 2X আয়নে পরিণত হয়। বিপরীত আধানযুক্ত আয়নদ্বয় পরস্পরকে আকর্ষণ করে। ফলে CaX2 গঠিত হয়। অর্থাৎ Ca ও X মৌলদ্বয়ের পরস্পর আয়নিক বন্ধনে যুক্ত হয়।উত্তর: ঘ) [জ্ঞান অংশ হলো, পর্যায় সারণিতে কোনো মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কিত ধারণা। অনুধাবন অংশ হলো X, Y ও Z মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস, যা উদ্দীপক থেকে ধারণা পাবে। প্রয়োগ অংশ হলো, পর্যায় সারণিতে X, Y ও Z-এর অবস্থান নির্ণয় করা। উচ্চতর দক্ষতা হলো, মৌল তিনটি একই পর্যায়ভুক্ত কি না, তা উল্লেখ করা।]পর্যায় সারণিতে কতগুলো আনুভূমিক সারি রয়েছে, যেগুলো পর্যায় নামে পরিচিত। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যতগুলো স্তর রয়েছে, তা হলো ওই মৌলের পর্যায়সংখ্যা এবং সর্ববহিস্থ স্তরে যতটি ইলেকট্রন রয়েছে, তা হলো মৌলটির গ্রুপসংখ্যা।উদ্দীপকের ধারণা অনুযায়ী X, Y ও Z মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:X (35) : 2, 8, 18, 7Y (36) : 2, 8, 18, 8Z (37) : 2, 8, 18, 8, 1মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, X, Y মৌলদ্বয়ের ইলেকট্রনগুলো চারটি স্তরে বিভক্ত। তাই এ দুটি মৌল চতুর্থ পর্যায়ে অবস্থিত। কিন্তু Z মৌলটির ইলেকট্রনগুলো পাঁচটি স্তরে বিভক্ত। তাই এ মৌলটি পঞ্চম পর্যায়ে অবস্থিত।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, X ও Y একই পর্যায়ভুক্ত হলেও Z ভিন্ন পর্যায়ভুক্ত। অর্থাৎ X, Y ও Z মৌল তিনটি একই পর্যায়ভুক্ত নয়।