সৃজনশীল প্রশ্নপদ্ধতি বোঝার জন্য একটি ভালো বই

প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রচ্ছদ: মাসুক হেলাল

সৃজনশীল প্রশ্নপদ্ধতি ভালো করার নিয়মকানুন
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশ: অক্টোবর ২০১৪
তৃতীয় মুদ্রণ: জানুয়ারি ২০১৫
দাম: ১৮০ টাকা
বইটির নাম ‘সৃজনশীল প্রশ্নপদ্ধতি: ভালো করার নিয়মকানুন’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বইটি বের করেছে প্রথমা প্রকাশন। দাম ১৮০ টাকা। ভালো কাগজে ঝকঝকে ছাপা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকদের প্রশিক্ষক অর্থাৎ মাস্টার ট্রেইনার, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষকেরা এ বইতে লিখেছেন। ফলে বইটি পড়লে সৃজনশীল প্রশ্নপদ্ধতির বৈশিষ্ট্য, প্রশ্ন কী ধরনের হতে পারে, কীভাবে উত্তর লিখতে হবে—এসব বিষয়ে নিভু‌র্ল ও নির্ভরযোগ্য নিয়মকানুন জানা যাবে। এ জন্যই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন এ বইয়ের ভূমিকা লিখেছেন। বোর্ডের বিষয় তিনি নিশ্চয়ই ভালো বোঝেন। তিনি বইয়ের প্রশংসা করেছেন। শিক্ষা বোর্ডের সৃজনশীল প্রশ্নপদ্ধতির সমন্বয়ক রবিউল কবীর চৌধুরী সৃজনশীল প্রশ্নপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সহজভাবে। তা ছাড়া সৃজনশীল প্রশ্নপদ্ধতি নিয়ে খুব সুন্দর ও সহজ ভাষায় লিখেছেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ।
গত বছর গণিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতি শুরুর সময় থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে পরীক্ষায় পাস করা কঠিন হবে। আসলে সৃজনশীল পদ্ধতিতে গণিতে পাস করা খুব সহজ, ফেল করাই বরং কঠিন। প্রশ্নের ধরন ও উত্তরের নিয়মগুলো জানলেই সব সহজ হয়ে যাবে। আলোচ্য বইয়ে সে বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যাবে। উচ্চতর গণিত, সাধারণ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইসলাম ও নৈতিক শিক্ষাসহ আরও কয়েকটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এ বই পড়লে।
সবচেয়ে ভালো একটি দিক হলো, এ বইয়ে বিষয়ভিত্তিক বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর রয়েছে। কয় ভাগে প্রশ্ন থাকবে, সঠিক উত্তর লিখে প্রতিটি ভাগে পুরো নম্বর পাওয়া যাবে কি না, সেসব কথা বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে।
উত্তর মুখস্থ করার দরকার নেই। পাঠ্যবই থেকেই সব প্রশ্ন আসবে এবং সে জন্য পুরো বইটা ভালোভাবে পড়তে হবে। সেই সঙ্গে সৃজনশীল প্রশ্নপদ্ধতির নিয়মকানুনগুলো জানতে হবে। তাহলেই পরীক্ষায় খুব ভালো ফল করা খুব সহজ।

পরীক্ষার খাতায় যুক্তিপূর্ণ ও নিভু‌র্ল উত্তর লিখতে পারলেই পুরো নম্বর পাওয়া যাবে। একজন শিক্ষার্থীর উত্তর আরেকজন শিক্ষার্থীর সঙ্গে হুবহু মিলবে না, কারণ প্রত্যেকেই তার নিজের মতো গুছিয়ে উত্তর লিখবে। এখানে ছকবাঁধা কোনো নির্দিষ্ট উত্তর মুখস্থ করার দরকার নেই। শুধু নির্দিষ্ট নিয়ম মেনে উত্তর লিখতে হবে।
এ নিয়মগুলো নিভু‌র্লভাবে জানার জন্যই বইটি দরকার।
এ বইটি পড়ে জেএসসি, এসএসসি এবং এইচএসসির পরীক্ষার্থীরা একদিকে যেমন নিজের মেধা ও চিন্তাশক্তির সৃজনশীল বিকাশ ঘটাতে পারবে, অন্যদিকে পরীক্ষার খাতায় নিজেদের উন্নত চিন্তাভাবনার স্বাক্ষর রাখতে পারবে।

.
.

পরীক্ষার্থীদের শতমুখী প্রতিভা বিকাশ নিশ্চিত ও পরীক্ষায় ভালো ফল করার জন্য ‘সৃজনশীল প্রশ্নপদ্ধতি: ভালো করার নিয়মকানুন’ বইটি সব সময় পরীক্ষার্থীদের হাতের কাছে রাখা উচিত।
বইটি একুশে বইমেলায় প্রথমা প্রকাশনের ৪২১-৪২৩ নং স্টলে পাওয়া যাচ্ছে।

সহযোগী সম্পাদক, প্রথম আলো