ক্যাডেট কলেজের শিক্ষার্থীপ্রতি সরকারি ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ক্যাডেট কলেজের প্রতি শিক্ষার্থীর জন্য সরকারের বছরে ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় হয়।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোজাফ্ফর হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বর্তমানে ক্যাডেট কলেজগুলোয় ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। সেই অনুযায়ী ক্যাডেট কলেজগুলোয় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।

দীপু মনি আরও বলেন, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীপ্রতি সরকারের বার্ষিক খরচ ৫০ হাজার ৫১২ টাকা। ২০২১-২২ অর্থবছরে এ স্তরের ৩৩ লাখ ১৪ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ হাজার ১৬৭ কোটি টাকা। পোস্ট সেকেন্ডারি নন-টারশিয়ারি স্তরে ৩ লাখ ৪৫ হাজার ৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে সরকারের বরাদ্দ ৭০৭ কোটি টাকা। শিক্ষার্থীপ্রতি বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা। টারশিয়ারি স্তরে ৩৮ লাখ ১২ হাজার ৪১৪ শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ৭ হাজার ৮০৭ কোটি টাকা। এ হিসাবে সরকারের বার্ষিক খরচ ২০ হাজার ৪৭৮ টাকা।