এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৭৯৩ জন

এসএসসির ফলাফল প্রকাশের পর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ডেমরা, ঢাকা, ১০ আগস্ট ২০২৬ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৯.৫৯। এদের মধ্যে ৭৯৩ জন জিপিএ–৫ পেয়েছে। আজ সোমবার ফল প্রকাশের পর আনন্দ–উল্লাস ও মিষ্টি বিতরণে এই প্রতিষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ ও মানবিক বিভাগ থেকে ১২ শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করে। এর মধ্যে ইংলিশ ভার্সন থেকে ৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৮ জন জিপিএ–৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসীর বাবা তরিকুল ইসলাম মেয়ের ফলাফলে অভিভূত। তিনি বলেন, ‘আমার মেয়ের জীবনে অভাবিত সাফল্য এনে দিয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠের প্রশ্নে জবাবদিহি থাকে। ক্লাসের আগে-পরে নিয়মিত বিশেষ ক্লাসের কারণেই এমন অভূতপূর্ব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।’

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এসএসসির ফলাফলে কৃতী ছাত্রীদের উল্লাস। ডেমরা, ঢাকা, ১০ আগস্ট ২০২৬
ছবি: বিজ্ঞপ্তি

ফলাফল ঘোষণার পর অনানুষ্ঠানিক বৈঠকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আমাদের গভীর আস্থা ছিল, এই ছেলেমেয়েরা এসএসসিতে আকাঙ্ক্ষিত ফল অর্জন করতে সক্ষম হবে। সবচেয়ে বড় দিক হলো, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না।...আমার বিশ্বাস, এদের অভিযাত্রা বহুদূর।’

এসএসসির ফলাফল প্রকাশের পর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে কৃতী ছাত্রদের উল্লাস। ডেমরা, ঢাকা, ১০ আগস্ট ২০২৬
ছবি: বিজ্ঞপ্তি

এসএসসির ফলাফলে কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানসহ সদস্যরা।

২০২৫ সালেও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসিতে শতকরা পাসের হার ছিল ৯৪.৬৪ ও জিপিএ–৫ ছিল ৬৩৫। ২০২৫ সালে এইচএসসিতে ৪২৩ জিপিএ–৫ সহ পাসের হার ছিল ৯৯.৯১।