‘ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড’ পেলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক
বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ‘ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন। এআইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০-২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২৫তম ইলেটস ওয়ার্ল্ড এডুকেশন সামিটে ইশতিয়াক আবেদীনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, ‘আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টু হায়ার এডুকেশন’ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন ইশতিয়াক আবেদীন। বাংলাদেশে তিনিই প্রথম এই ক্যাটাগরিতে এ পুরস্কার পেলেন। পুরস্কার হিসেবে তাঁকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
ওয়ার্ল্ড এডুকেশন সামিটের আয়োজক এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যতম প্রযুক্তি ও মিডিয়া গবেষণা সংস্থা ইলেটস টেকনোমিডিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশতিয়াক আবেদীন ২৮ বছর ধরে বাংলাদেশে গুণগত উচ্চশিক্ষার বিকাশ ও উন্নয়নে অবদান রেখে চলছেন।