অছাত্রদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ত্যাগের নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নেই এমন ব্যক্তিদের আবাসিক হল ও ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৫ মার্চের পর ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এমন কাউকে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির এক জরুরি সভা হয়। এ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার রাত ১১ টায় সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। উপাচার্য শিরীণ আখতার ওই সভায় সভাপতিত্ব করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অবস্থানকারী বহিষ্কৃত অথবা সাবেক শিক্ষার্থী অথবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের ১৫ মার্চের মধ্যে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনের পর এমন কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ও সংগৃহীত গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানকারী যেকোনো মাদকাসক্ত ব্যক্তি, ক্যাম্পাস ও সংলগ্ন সম্ভাব্য মাদক বিক্রির স্থান ও সেবনের স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।