জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট জাদুঘরে চলে যাবে: উপাচার্য

অধ্যক্ষ সম্মিলনের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলছেন, সেশনজট জাদুঘরে চলে যাবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন। আগামী শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড ও উদ্যোগের কথা তুলে ধরেন উপাচার্য। এ সময় লিখিতভাবেও সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় প্রতিটি পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট ছিল। ইতিমধ্যে এক বছর সেশনজট কমিয়ে আনা সম্ভব হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, পরীক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন প্রক্রিয়ায় আধুনিক করা ও প্রশাসনিক সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে সেশনজটকে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।