মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি
ছবি: প্রথম আলো

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকেরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালিত হচ্ছে।

আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

আজ দুপুরের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
দুপুরের দিকে কর্মসূচিতে বক্তৃতা করছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদ। তিনি বলেন, জাতীয়করণের ঘোষণা নিয়েই এবার তাঁরা ঘরে ফিরবেন।

বর্তমানে সারা দেশে ২০ হাজার ৯৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ মিলিয়ে) মাধ্যমিক স্তর পড়ানো হয়। এর মধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬৮৪টি, বাকিগুলো বেসরকারি।
সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে মোট শিক্ষার্থী ১ কোটি ১ লাখ ৯০ হাজার ২২ জন। মোট শিক্ষক আছেন পৌনে তিন লাখের মতো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই এমপিওভুক্ত। এর মানে হলো—এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা।

আরও পড়ুন