ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার। নবগঠিত এই ইউনিটে এবারই প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন ৪২ জন৷
শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান৷
আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পঠিত শাখা বা বিভাগ (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কলা) পরিবর্তনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতেন শিক্ষার্থীরা। নতুন শিক্ষাবর্ষ থেকে এতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর ‘ঘ’ ইউনিট বাতিল করে আগের ‘খ’ ইউনিটে (কলা) সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদকে যুক্ত করে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয় এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।