বাংলাদেশ ইউনিভার্সিটি জার্নালের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) প্রকাশিত জার্নালের প্রকাশনা উৎসবে অতিথিরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) প্রকাশিত জার্নালের প্রকাশনা উৎসব আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান শিক্ষায় বিনিয়োগ সর্বোৎকৃষ্ট বিনিয়োগ বলে উল্লেখ করেন। তিনি বিইউ জার্নালে প্রকাশিত গবেষণালব্ধ ফল সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন। যাতে করে গবেষণালব্ধ সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হতে পারে।

মোস্তাফিজুর রহমান বলেন, অগ্রাধিকার থাকুক আর না থাকুক, বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্ব সব ক্ষেত্রেই জরুরি। গবেষণার চর্চা থাকলে নীতি গ্রহণও সহজ হয়।

প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল। তিনি বলেন, প্রকাশিত জার্নালটি শিক্ষক ও ছাত্রদের গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। পেশাগত দায়িত্বের প্রতি লক্ষ রেখে এর সম্পাদনা পরিষদ এটি প্রকাশ করে থাকে। ভবিষ্যতে যদি কোনো ছাত্র-শিক্ষক গবেষণা করতে চান, তাহলে জার্নালটি অবশ্যই তাঁর গবেষণাকাজে সহায়ক হবে।

এর আগে অনুষ্ঠানে সূচনা বক্তব্যে জার্নাল সম্পাদনা পরিষদের প্রধান অধ্যাপক মো. তাজুল ইসলাম বলেন, এটিই বাংলাদেশ ইউনিভার্সিটির একমাত্র জার্নাল, যা গত বছরগুলোতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত হয়ে আসছে। জার্নালটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমাদৃত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইউয়ের কোষাধ্যক্ষ কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আমিরুল আলম খান এবং জার্নাল প্রকাশনা কমিটির অন্য সদস্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকাশিত জার্নালের লেখক নাহিদা সুলতান ও মো. আরেফিন রহমান খান।