বিশেষ শিশুদের মেধা বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, যেকোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আজ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটিজ) শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটিজের (এনএএএনডি) স্থাপত্য নকশার উপস্থাপনা অবলোকনকালে এ কথা বলেন। পিএমওর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শহর এলাকায় যেকোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিতে তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী এ সময় অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে তিনি দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু/অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার ওপর জোর দেন।

এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।