২৯ জুন সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ করা হবে
২৯ জুন (সোমবার) দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। ওই দিন সকাল ১০টা ৫ মিনিটে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় এদিন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষধি বৃক্ষ রোপণ করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ কর্মসূচির কথা জানিয়ে আজ শনিবার মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে। চিঠিতে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে একযোগে অংশগ্রহণ করতে বলা হয়েছে। মাউশি সূত্র জানিয়েছে, প্রায় ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি হবে।
মাউশির চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট’-এর মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু অনুদান বাবদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সরকারি-বেসরকারি মিডিয়ায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানটি সুন্দরভাবে পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। এই দিবসে ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার, ফেস্টুন ইত্যাদি টানানোর ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসে র্যালির আয়োজন করতে হবে।