চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: শাটল ট্রেনের নতুন সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী মঙ্গলবার শুরু হবে। চলবে ২৫ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেনের আসা–যাওয়ার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার দিনগুলোয় দৈনিক নয়বার নগরের বটতলী থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা–যাওয়া করবে শাটল ট্রেন।

আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার। তিনি প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার দিনগুলোয় প্রতিবছরের মতো এবারও ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা চলাকালে দিনে নয়বার এ ট্রেন চলাচল করবে।

যে সূচিতে চলবে শাটল

ভর্তি পরীক্ষা উপলক্ষে ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৩ মে এই সাত দিন ট্রেন নয়বার যাওয়া–আসা করবে। এই দিনগুলোয় নগরের বটতলী থেকে সকাল ৬টা, সকাল সাড়ে ৬টা, সকাল সোয়া ৮টা, সকাল পৌনে ৯টা, বেলা ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বেলা ৩টা, বিকেল ৪টা ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।

আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৭টা ৫ মিনিট, সকাল ৭টা ৩৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, সকাল ১০টা, বেলা ১টা, বেলা দেড়টা, বিকেল ৫টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৯টা ১০ মিনিটে নগরের বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।

অন্যদিকে ২১, ২৪ ও ২৫ মে এই তিন দিন শাটল যাওয়া–আসা করবে সাতবার। সকাল সাড়ে ৭টা, সকাল ৮টা, সকাল ১০টা ৫ মিনিট, সকাল ১০টা ৪০ মিনিট, বেলা ২টা ৫০ মিনিট, বিকেল ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় নগরের বটতলী থেকে ট্রেনটি ছাড়বে। এ ছাড়া ক্যাম্পাস থেকে ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, বেলা দেড়টা, বেলা আড়াইটা, বিকেল ৪টা ১৫ মিনিট, বিকেল ৫টা ৪০ মিনিট ও রাত সাড়ে ৯টায়। ট্রেনটির বটতলী থেকে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস থেকে বটতলী পর্যন্ত যাতায়াত করতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

পরীক্ষার সূচি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারও সকাল–বিকেল দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে। সকালের শিফটে পরীক্ষার্থীদের সকাল পৌনে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর ১০টা ১৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ শুরু হবে। পরীক্ষা শুরু ও প্রশ্ন বিতরণ হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। আর বিকেলের শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে বেলা ২টা ১৫ মিনিটে, ওএমআর ফরম বিতরণ করা হবে বেলা ২টা ৪৫ মিনিটে এবং পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত বিভাগ নিয়ে গঠিত এ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ ও ১৭ মে। এই দুই দিন সকাল–বিকেল মোট চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ মে সকালের শিফটে মোট পরীক্ষার্থী ১৮ হাজার ৬৬৫ জন, বিকেলের শিফটে ১৮ হাজার ৬৬৫ এবং ১৭ মে সকালের শিফটে ১৮ হাজার ৬৬৫ ও বিকেলে ১৮ হাজার ৬৬৪ জন পরীক্ষা দেবেন।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও অনুষদ নিয়ে গঠিত বি ইউনিটের পরীক্ষা ১৮ ও ১৯ মে মোট তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। ১৮ মে সকালের শিফটে পরীক্ষার্থী ১৭ হাজার ৬৬৫ জন, বিকেলে ১৭ হাজার ৬৬৫ ও ১৯ মে সকালে ১৭ হাজার ৬৬৫ জন। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে গঠিত সি ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ মে দুই শিফটে অনুষ্ঠিত হবে। ২০ মে শুধু ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। ওই দিন মোট পরীক্ষার্থী ১৭ হাজার ৩৬৮ জন। আর ২১ মে বিজ্ঞান ও মানবিক শাখা থেকে পাস করা মোট ২ হাজার ৬৩১ জন পরীক্ষা দেবেন।

সমাজবিজ্ঞান, আইন অনুষদভুক্ত সব বিভাগ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা আর মনোবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ডি ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ মে মোট তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। ২২ মে সকালের শিফটে পরীক্ষা দেবেন ১৬ হাজার ৩৯৩ জন, বিকেল ১৬ হাজার ৩৯৩ জন। আর ২৩ মে সকালে পরীক্ষায় বসবেন ১৬ হাজার ৩৯২ জন।

এ ছাড়া ২৪ মে সকালে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ নিয়ে গঠিত বি–১ উপ–ইউনিটে পরীক্ষা দেবেন মোট ১ হাজার ৩৮২ জন। আবার শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ডি–১ উপ–ইউনিটে পরীক্ষা দেবেন ১ হাজার ৮৪৩ জন।

প্রবেশপত্র ডাউনলোড না করতে পারলে করণীয়

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে সব ইউনিটে প্রবেশপত্র ডাউনলোড করা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত তা করা যাবে। প্রবেশপত্র ডাউনলোড নিয়ে কোনো সমস্যা হলে বা বিশেষ কারণে প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন হয়, তাহলে আইসিটি সেলে যোগাযোগ করতে হবে। আইসিটি সেল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের দ্বিতীয় তলায় অবস্থিত।