এমবিবিএস–বিডিএসে সংরক্ষিত আসনের সনদ যাচাই যেভাবে

এমবিবিএস ভর্তি পরীক্ষাসংগৃহীত ছবি

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত সংরক্ষিত আসনের শিক্ষার্থীদের সনদ বা প্রমাণক যাচাই–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সনদ ও প্রমাণক যাচাইয়ের জন্য ১৮ ও ২১ ডিসেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের সময়সূচি ও বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই–বাছাই করে অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে ১৮ ও ২১ ডিসেম্বর পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার (মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের তৃতীয় তলার সম্মেলনকক্ষে) সকাল ১০টায় গ্রহণ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কোটা–সংক্রান্ত দলিলাদি ১৭ ডিসেম্বরের মধ্যে সফট কপি ই–মেইলে ([email protected]) পাঠাতে হবে। যাচাই–বাছাইয়ে দাখিল করা তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

ই–মেইলে অনুলিপি প্রেরণ ও সাক্ষাৎকার গ্রহণের সময় দাখিলযোগ্য সনদ বা প্রমাণকগুলো—

• প্রার্থীর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

• প্রার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার সনদের কপি।

• প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।

• প্রার্থীর রেজিস্টার্ড জন্মসনদের কপি।

• প্রার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।

• স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদ।

• পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ–উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদের কপি।

আরও পড়ুন

ফল পুনর্নিরীক্ষণ

ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করা যাবে। এ জন্য টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণের ফল আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন