ভিকারুননিসা নূন স্কুলে সহদোরাদের ভর্তির দাবিতে মানববন্ধন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শাখায় ইতিমধ্যে অধ্যয়নরত ছাত্রীদের অপর বোনদেরও (সহোদরা) প্রথম শ্রেণিতে ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন একদল অভিভাবক। ‘ভর্তি-ইচ্ছুক শিশুদের অভিভাবকবৃন্দ’–এর ব্যানারে আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক অভিভাবক বলেন, তাঁরা উচ্চ আদালতের রায় মেনে সহোদরাদের ভর্তি দাবি করছেন।
শাহীনুল হক নামের এক অভিভাবক বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে শাখা বাড়িয়েও সহোদরাদের ভর্তি করাতে পারে। সহোদরাদের ভর্তি না করানোর বিষয়টিকে ‘সংবিধানের লঙ্ঘন’ বলে মনে করেন অপর এক অভিভাবক উম্মাহ মোস্তফা।
অভিভাবকেরা জানিয়েছেন, হাইকোর্টের রায় অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে (২০২৩) প্রথম শ্রেণিতে সহোদরাদের ভর্তির বিষয়টি লিখিতভাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিবুল ইসলামকে জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে তাঁরা দ্রুত হস্তক্ষেপ চান।