আইইউটিতে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আগ্রহী শিক্ষার্থীরা ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আইইউটির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, টেলিটক সার্ভারে সমস্যার কারণে শিক্ষার্থীরা ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের অন্য সব কিছু অপরিবর্তিত থাকবে।
গত ২৮ জানুয়ারি থেকে শুরু হয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন।
আইইউটি বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। ওআইসির সদস্যভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন।
ভর্তির সিলেবাস, প্রশ্নপত্র ও নম্বর বণ্টন—
ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুই ঘণ্টা সকাল ১০টা থেকে ১২টা। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো গণিত ৩৫, পদার্থবিজ্ঞান ৩৫, রসায়ন ১৫ ও ইংরেজি ১৫। পরীক্ষার মাধ্যম হবে ইংরেজি। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষার সিলেবাস নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে।
ভর্তি পরীক্ষার জন্য বাছাইয়ের নিয়ম
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হবে না।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদন শুরু ২৮ জানুয়ারি ২০২৬
আবেদন শেষ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯মিনিট
শিক্ষার্থীদের নম্বর ও গ্রেড প্রকাশ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২টা
শিক্ষার্থীদের নম্বর ও গ্রেডের সংশোধনী (যদি প্রয়োজন হয়) ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৬, (সকাল ৯টা থেকে বেলা ১টা)
যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ ৪ মার্চ ২০২৬, দুপুর ১২টায়।
দ্বিতীয় ধাপের ফি পরিশোধ যোগ্য প্রার্থীদের জন্য দ্বিতীয় ধাপের ফি (ভর্তি পরীক্ষা ফি) পরিশোধ ৫ মার্চ ২০২৬, দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এ ধাপে অফেরতযোগ্য ভর্তি পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।
ছবি আপলোড ও প্রবেশপত্র ডাউনলোড ২৭ মার্চ ২০২৬, বেলা ২টা থেকে ২ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত ছবি আপলোড ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। (নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী অ্যাডমিট কার্ড তৈরি করতে ব্যর্থ হলে তিনি আর অনলাইনে তা ডাউনলোড করতে পারবেন না, যদি না পরবর্তী ধাপ অনুযায়ী সমস্যার সমাধান করা হয়।)
অ্যাডমিট কার্ড–সংক্রান্ত সমস্যা সমাধান: ৩ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে প্রার্থীকে সশরীর আইইউটির রেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে সমস্যার সমাধান করতে হবে।
ভর্তি পরীক্ষা: আইইউটির বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ভেন্যু: আইইউটি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্ধারণ করা হবে, যা পরে জানানো হবে। **
ভর্তি পরীক্ষার সব তথ্য দেখুন এখানে