নটর ডেম কলেজে ভর্তি: বাড়ল ফি, 'ও' লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০
নটর ডেম কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তিতে আবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে। আবেদন শেষ হবে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায়। এ বছর আবেদন ফি বাড়ানো হয়েছে। এই শিক্ষাবর্ষে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। বিকাশের মাধ্যমে ফি পাঠাতে হবে। এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ৪০০ টাকা। নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্টআউট কপি সংগ্রহ করতে হবে।
ভর্তির আবেদনের নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৫০০/- bKash-এর মাধ্যমে পাঠাতে হবে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের এক দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।
হেল্প লাইন নম্বর: ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২ (সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত)।
আবেদনের ন্যূনতম যোগ্যতা
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেল (O Level)-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।
*বিজ্ঞান (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিভাগ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৫, ব্যবসায় শিক্ষার ৪ এবং মানবিকের ক্ষেত্রে ৩।
আসনসংখ্যা কত—
বিজ্ঞান বিভাগে (বাংলা মাধ্যম)-১৮১০, বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)-৩২০, ব্যবসায় শিক্ষা-৭৫০ এবং মানবিক বিভাগে ৪১০টি। মোট আসন ৩ হাজার ২৯০।
ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন যেভাবে—
ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। আবেদনকারী সব প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে মৌখিক পরীক্ষার প্রাথমিক তালিকা এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ-ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।
মৌখিক পরীক্ষার দ্বিতীয় তালিকা—
চূড়ান্তভাবে মনোনীতদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন ফাঁকা থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রমানুযায়ী দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) ও Facebook page (NDC Learning)-এ দেওয়া হবে।
ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ে—
এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।
জরুরি নির্দেশনা—
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। ভুল/অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না।
বিশেষ দ্রষ্টব্য: যেসব ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই।