ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগে ৪৬ আসন শূন্য, আবেদন আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের ৩টি বিভাগে ৪৬টি আসন শূন্য রয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে এসব বিষয়ে ভর্তির যোগ্যতা থাকা শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ৩০ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটভুক্ত কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস বিষয়ে এখনো কিছু আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে যোগ্যতা অর্জনকারী পর্যন্ত শিক্ষার্থী (অর্থাৎ যাঁদের বিষয় পছন্দক্রমে এই বিষয়গুলো রয়েছে) যাঁরা সাক্ষাৎকারে উপস্থিত হতে পারেননি, তাঁদের এসব শূন্য আসনে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে। কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে ১৭, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ১৬ এবং রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকসে ১৩টি আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে ভর্তি হতে চাইলে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে যথাক্রমে ১৫ ও ১৫, ১৩ ও ১৩ এবং ১৩ ও ১৪ নম্বর পেতে হবে।
জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে আসন শূন্য রয়েছে। এসব প্রোগ্রামে ভর্তিযোগ্য শিক্ষার্থী, যাঁরা সাক্ষাৎকারের নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে মূল গ্রেডশিট জমা দিতে পারেননি বা দেননি, তাঁরা ওই প্রোগ্রামগুলোতে ভর্তি হতে আগ্রহী হলে ৩০ মার্চের মধ্যে অফিস চলাকালে বিজ্ঞান ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ অফিস, কার্জন হল এলাকা) লিখিত আবেদন করতে পারবেন।
কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে ১৭, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ১৬ এবং রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকসে ১৩টি আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে ভর্তি হতে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে যথাক্রমে ১৫ ও ১৫, ১৩ ও ১৩ এবং ১৩ ও ১৪ নম্বর পেতে হবে।
লিখিত আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী তাঁদের বিষয় বরাদ্দ ৩১ মার্চ প্রকাশ করা হবে। বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে মূল গ্রেডশিট জমা দিতে হবে।