বিএসএমএমইউতে মেডিকেল ফিজিকস প্রোগ্রামে ভর্তি, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সুযোগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিকসের মেডিকেল ফিজিকস প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। ৩১ মে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। দুই বছর মেয়াদি এ কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২৯ জুন। আবেদনের আগে ব্যাংক ড্রাফট করতে হবে শিক্ষার্থীদের। বিএসএমএমইউয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, আবেদন ফি ৪০০০ টাকা। ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন পরিচালিত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিকসে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া একাডেমিক সেশনে দুই বছর মেয়াদি (এক বছরের বাধ্যতামূলক হাসপাতাল রেসিডেন্সিসহ) এমএসসি ইন মেডিকেল ফিজিকস প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।’
আবেদনের যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোতে সিজিপিএ–৫–এর মধ্যে অন্তত ৩.৫ অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ফিজিকস, ফিজিকস, অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ–সম্পর্কিত ডিসিপ্লিনে চার বছরের স্নাতক ডিগ্রি থাকলে ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সিজিপিএ–৪–এর মধ্যে অন্তত ২.৭৫ থাকলে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন চলবে ৩১ মে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।
৩০ মে পর্যন্ত ব্যাংক ড্রাফট করা যাবে।
১৯ থেকে ২৯ জুন সকাল আটটার মধ্যে আবেদনকারী প্রার্থীকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
২৯ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।