হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি, পরীক্ষা ৬ মার্চেই

চিকিৎসকপ্রতীকী ছবি

সরকারি ও বেসরকারি ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী শিক্ষার্থী আবেদন করতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি সকাল ১০টায়। ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন চলার কথা ছিলঅ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিইউএমএস, বিএএমএস ও বিএইচএমএস কোর্সে ভর্তির লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি জমাদানের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র বিতরণ ২-৩ মার্চ, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ২০২২ বা ২০২৩ সালে এসএসসি এবং ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানবিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ দশমিক ৫ হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর নিচে হলে আবেদন করা যাবে না। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং একক পরীক্ষায় ন্যূনতম ২ দশমিক ৫ থাকতে হবে। সব প্রার্থীর জন্য এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ আবশ্যক।

আরও পড়ুন

আবেদনপদ্ধতি

টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে

আবেদন ফি কত

আবেদন ফি ১,০০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষা ও নম্বর বণ্টন

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ১০ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৫০ নম্বর এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ১০ দিয়ে গুণ করে আরও ৫০ নম্বর নির্ধারণ করা হবে। বাকি ১০০ নম্বর থাকবে লিখিত এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার লিখিত এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে।

এই ভর্তি পরীক্ষায় কোনো মৌখিক পরীক্ষা রাখা হয়নি। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টনের মধ্যে পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে সর্বোচ্চ ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় এসব বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন

আসনসংখ্যা কত

সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মোট ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে ২৫টি এবং বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে ২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে মোট ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

এ ছাড়া রওশন জাহান ইউনানি মেডিক্যাল কলেজ, হামদর্দ ইউনানি মেডিক্যাল কলেজ, হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে বেসরকারি পর্যায়ে নির্ধারিতসংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন

ফল ও ভর্তি

ভর্তি পরীক্ষার ফল এসএমএসের মাধ্যমে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা ও পছন্দের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আরও পড়ুন