রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে ভর্তিপ্রক্রিয়া।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হবে। এদিন এ, বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদ অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড, পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধীর সনদ সঙ্গে আনতে হবে।
এ ছাড়া কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে তাঁকে কেবল একবার অংশ নিতে হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।