বিইউপিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ২৪ ও ২৫ মার্চ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখসহ আবেদনের যোগ্যতাও তুলে ধরা হয়েছে। আগামী মাসের ২৪ ও ২৫ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিইউপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ১৫ মার্চ পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে। https://admission.bup.edu.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৪ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৫ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে।