ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ২০২৭। লিখিত পরীক্ষায় ভালো করার পরামর্শ–১
ক্যাডেট কলেজ—সুশৃঙ্খল জীবনযাপন, উন্নতমানের শিক্ষার পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যোগ্য নাগরিক ও নেতা হিসেবে গড়ে তোলা হয়। তাই প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাস করার পর অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা (সর্বমোট ৩০০ নম্বর)। এই পরীক্ষায় সফল হওয়া মানেই ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দেওয়া।
লিখিত পরীক্ষায় ভালো করলেই চলবে না; বরং প্রয়োজন সঠিক কৌশল, সময় সচেতনতা ও পরিকল্পিত প্রস্তুতি। নিচে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সফল হওয়ার বিস্তারিত গাইডলাইন আলোচনা করা হলো।
১. ভর্তি পরীক্ষার মানবণ্টন ও সিলেবাস বোঝা জরুরি
যেকোনো ভর্তি পরীক্ষায় বসার আগে তার সিলেবাস ও মানবণ্টন থাকা চাই। ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষা সাধারণত ৩০০ নম্বরের হয়ে থাকে। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন:
ক. গণিত (Mathematics): ১০০ নম্বর।
খ. বাংলা (Bangla): ৬০ নম্বর।
গ. ইংরেজি (English): ১০০ নম্বর।
ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge): ৪০ নম্বর।
গুরুত্বপূর্ণ তথ্য: কয়েক বছর ধরে প্রশ্নের প্যাটার্নে কিছু পরিবর্তন আসছে। আগে দীর্ঘ ও বর্ণনামূলক প্রশ্ন বেশি থাকলেও এখন সংক্ষিপ্ত প্রশ্ন, বহুনির্বাচনি (MCQ) ও বুদ্ধিমত্তা যাচাইমূলক প্রশ্নের সংখ্যা বাড়ছে।
২. বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল
৩০০ নম্বরের এই বিশাল সিলেবাসের প্রতিটি বিষয়ে আলাদা ও বিশেষ নজর দিতে হবে। নিচে বিষয়ভিত্তিক প্রস্তুতির বিস্তারিত কৌশল দেওয়া হলো:
# ক. গণিত (১০০ নম্বর)—মেধার আসল পরীক্ষা
গণিতে ১০০ নম্বর থাকে, যা সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। গণিতে ভালো করতে হলে নিচের বিষয়গুলোয় জোর দিতে হবে।
NCTB নির্ধারিত ষষ্ঠ শ্রেণির বই: মূল পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের উদাহরণ, অনুশীলনী এবং কাজের অঙ্কগুলো অন্তত তিন থেকে চারবার নিজে নিজে সমাধান করতে হবে। কোনো অঙ্ক মুখস্থ করার চেষ্টা করবে না।
গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো: পাটিগণিতের লসাগু-গসাগু, ঐকিক নিয়ম, ভগ্নাংশ, দশমিক, শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত ও পরিমাপের অঙ্কগুলো খুব ভালো করে শিখতে হবে। বীজগণিতের বেসিক সূত্র ও সরলীকরণ এবং জ্যামিতির সংজ্ঞা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ–সংক্রান্ত ধারণা স্পষ্ট থাকতে হবে।
দ্রুত হিসাব করার দক্ষতা: গণিতের জন্য সময় বেশ সীমিত থাকে। তাই রাফ পেপারে দ্রুত ও নির্ভুলভাবে হিসাব করার অভ্যাস গড়ে তুলতে হবে।
শর্টকাট এড়ানো: লিখিত পরীক্ষায় অঙ্কের প্রতিটি ধাপ পরিষ্কারভাবে দেখানো উচিত। সরাসরি উত্তর বসিয়ে দিলে পূর্ণ নম্বর পাওয়া যায় না।
# খ. ইংরেজি (১০০ নম্বর)—ভাষা দক্ষতার মূল্যায়ন
ইংরেজিতে ভালো করার মূল চাবিকাঠি হলো ব্যাকরণ (Grammar) এবং শব্দভান্ডার (Vocabulary)।। Grammar-এর ওপর দখল: Parts of Speech (বিশেষ করে Noun, Pronoun, Adjective, Verb, Adverb), Tense, Articles, Prepositions, Sentence (Structure & Types), Voice Change, Right Form of Verbs ভালোভাবে আয়ত্ত করতে হবে।
Vocabulary বা শব্দভান্ডার বৃদ্ধি: প্রতিদিন অন্তত ৫টি নতুন ইংরেজি শব্দ শিখতে হবে, সেগুলোর Synonym (সমার্থক) এবং Antonym জানো এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করো।
Free Hand Writing: পরীক্ষায় Paragraph, Story Writing বা কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর অনুচ্ছেদ লিখতে দেওয়া হয়। মুখস্থ না করে নিজের ভাষায় সুন্দর ও নির্ভুলভাবে (Grammar এবং Spelling ঠিক রেখে) ৫-১০টি বাক্য লেখার অভ্যাস করো।
Comprehension (অনুধাবন): অপরিচিত প্যাসেজ পড়ে তার ভেতর থেকে প্রশ্নের উত্তর খোঁজা এবং True/False নির্ণয় নিয়মিত অনুশীলন করো।
# গ. বাংলা (৬০ নম্বর)—ব্যাকরণ ও সাহিত্যের মেলবন্ধন
বাংলায় ভালো করতে হলে ষষ্ঠ শ্রেণির মূল চারুপাঠ ও ব্যাকরণ বইয়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। পাঠ্যবইয়ের গদ্য ও পদ্য: মূল বইয়ের কবিতাগুলোর কবি পরিচিতি, উৎস, মূলভাব ও কঠিন শব্দের অর্থ আঙুলের ডগায় থাকতে হবে। গদ্য বা গল্পের মূল চরিত্র ও মেসেজ কী, তা বুঝতে হবে।
বাংলা ব্যাকরণ: ধ্বনি, বর্ণ, শব্দ, পদ পরিবর্তন, লিঙ্গান্তর, বচন, সন্ধি, কারক-বিভক্তি (প্রাথমিক ধারণা) ও সমাস (প্রাথমিক ধারণা) থেকে প্রশ্ন আসে।
ভাব প্রকাশের ক্ষমতা: সারমর্ম/সারসংক্ষেপ লিখন, ভাবসম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন এবং চিঠিপত্র বা দরখাস্ত লেখার সঠিক ফরম্যাট ও নিয়মাবলি মুখস্থ থাকতে হবে। বানান ভুলের দিকে কঠোর নজর দিতে হবে। কারণ, বাংলায় বানান ভুলের জন্য নম্বর কাটা যায়।
# ঘ. সাধারণ জ্ঞান (৪০ নম্বর)—চোখ-কান খোলা রাখা
সাধারণ জ্ঞান বিষয়টি কেবল মুখস্থ করার নয়, এটি নিয়মিত জানার ও বোঝার বিষয়। বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, ভৌগোলিক অবস্থান, নদ-নদী, জাতীয় দিবসসমূহ, জাতীয় প্রতীক এবং পদ্মা সেতু, মেট্রোরেল সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলি ও সমসাময়িক ঘটনা: বিশ্বের দেশ, তাদের রাজধানী, মুদ্রা, বিখ্যাত ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার ও সাম্প্রতিক সময়ের বড় বড় ঘটনা বা খেলাধুলার (যেমন বিশ্বকাপ ফুটবল–২০২৬ ) আপডেট রাখতে হবে।
ইকবাল খান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা