একাদশ শ্রেণিতে ভর্তিতে নীতিমালা চূড়ান্ত করতে বসছে সভা
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত শুক্রবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় যারা পাস করেছে, তাদের অপেক্ষা একাদশে ভর্তির। সেই ভর্তিতে নীতিমালা চূড়ান্ত করতে আজ সোমবার (৩১ আগস্ট) সভায় বসছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে হবে এ সভা।
শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে সভায় অংশ নেবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও কয়েকটি কলেজের অধ্যক্ষ।
একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সে হিসেবে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। ফলে সাড়ে ৮ লাখের বেশি আসন ফাঁকাই থেকে যাবে।
গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।