এমবিবিএস–ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

এ বছর মেডিকেলের এসব শিক্ষার্থীদের সঙ্গে যোগ হবে আরও অনেক নতুন মুখ। মডেল হয়েছেন তৃণা, রাতুল, সাকিয়া, মায়িশা, প্রিন্স ও মাহদীপ্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে। মেডিকেলে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে হবে পরীক্ষা। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগও থাকছে।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন ফরম ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণে যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। MBBS BDS ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট , স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদনকারী প্রার্থীর প্রতি নির্দেশনা

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৮-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৫ সাল অথবা ২০২৬ সাল এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি-‘ও’ লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রার্থীকে এসএসসি- ‘ও’ লেভেল-সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি ‘ও’ লেভেল-সমমান এবং এইচএসসি-‘এ’ লেভেল-সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ হতে হবে। এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ–৩ দশমিক ৫০ এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের শতকরা ১ ভাগ সংরক্ষিত থাকবে; রাঙামাটি মেডিকেল কলেজে শতকরা ২৫ ভাগ আসন এই সংখ্যার অন্তর্ভুক্ত। পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি- ‘ও’ লেভেল-সমমান এবং এইচএসসি ‘এ’ লেভেল-সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ–৩ এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্নের (এইচএসসি সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে, জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০ দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট এবং পাশ নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

এসএসসি-‘ও’ লেভেল-সমমান ও এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে।

এসএসসি, ‘ও’ লেভেল, সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ= ৪০ নম্বর, এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ= ৬০ নম্বর সর্বোচ্চ। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ৬-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি-‘ও’ লেভেল-সমমান এবং এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষার জিপিএভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।

পূর্ববর্তী বছরের (২০২৫ খ্রিষ্টাব্দ) এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ-ডেন্টাল কলেজ-মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

ভর্তিতে গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬।

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ: ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত

আরও পড়ুন

ভর্তি পরীক্ষার ফি

এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার টাকা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

* এমবিবিএস/বিডিএস কোর্সে আবেদনের নিয়ম দেখুন এখানে

আরও পড়ুন