চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন দুই লাখ ছুঁই ছুঁই, মেয়াদ বাড়ছে আরও দুদিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। এর ফলে আগামী শুক্রবার দিবাগত রাত ১২টার আগে পর্যন্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আর আবেদন ফি জমা দিতে পারবেন রোববার পর্যন্ত।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বেলা তিনটায় প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
এর আগে গত ৩০ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটা থেকে ভোর পর্যন্ত শিক্ষার্থীদের অনেকেই আবেদন করতে পারেননি। কারিগরি ত্রুটির কারণে এ জটিলতা দেখা দিয়েছিল। তাঁদের দিক বিবেচনা করেই আবেদনের মেয়াদ দুদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের ডিন।
এদিকে আজ বুধবার বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন ইউনিট ও উপ ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ৯২ হাজার ১৪৬ জন। আগামী দুদিনে আবেদন দুই লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাক্তিরা। সেটি হলে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়বে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ আবেদন জমা পড়েছিল ২০২০-২১ শিক্ষাবর্ষে। সংখ্যায় যা ছিল ১ লাখ ৯৫ হাজার ৭৯২ জন।
কোন ইউনিটে কত আবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এবার পরিবর্তন আনা হয়েছে। অন্য বছর এ ইউনিটের মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারতেন না। এবার এ সুযোগ থাকছে। ওই দুই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য আলাদা আসনও বরাদ্দ রাখা হয়েছে। সি ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি। এর মধ্যে মানবিক বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য ২২টি, বিজ্ঞান বিভাগের জন্য ১৭৭টি আর বাকি ৪৪১টি আসন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য।
আজ বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত এ ইউনিটে আবেদন করেছেন ৭০ হাজার ৬৫৮ শিক্ষার্থী। এ ছাড়া বি ইউনিটে ৫১ হাজার ১৬০, সি ইউনিটের বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৫, মানবিক বিভাগে ৬৮০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে ডি ইউনিটে ৪৬ হাজার ৬৩৩ জন, বি-১ উপ ইউনিটে ২ হাজার ১১৮ জন, ডি-১ উপ ইউনিটে ২ হাজার ৭৪৮ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন। তবে এর মধ্যে সবাই আবেদন ফি জমা দেননি। এখন পর্যন্ত আবেদন ফি জমা দিয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৫০০ জন।
কোন ইউনিটের কত আসন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ৪টি ইউনিট ও ২টি উপ ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।
ইউনিটগুলোর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৫টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৬৪০টি, ডি ইউনিটে ৯৫৮টি। উপ ইউনিটের মধ্যে বি-১ ইউনিটে ১২৫টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।