ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস ৩ দিন বন্ধ, ভর্তি –ইচ্ছুকদের জরুরি নির্দেশনা
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস তিন দিন বন্ধ থাকবে। এ জন্য জরুরি প্রয়োজনে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রিম ফি জমা দিতে হবে। এরই মধ্যে এ–সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি অফিস বন্ধ থাকবে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময়কালে জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ই-মেইল: [email protected]। অনলাইন যোগাযোগব্যবস্থাও যথারীতি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় মনোনয়ন প্রকাশসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) প্রদানের সর্বশেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি।
সংশ্লিষ্ট সব ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ করা হলো।