ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০ এ আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যোগাযোগবৈকল্য বা কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ এক বছর মেয়াদি ‘প্রফেশনাল মাস্টার্স ইন কমিউনিকেশন ডিজঅর্ডারস’ (পিএমসিডি) প্রোগ্রামের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়মিত পূর্ণকালীন প্রোগ্রামটিতে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা
এই প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকে (সম্মান) ন্যূনতম ২.৫০ জিপিএ/সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে, তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে বিশেষ স্কুল, হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত ব্যক্তি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পিতা–মাতাকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কিংবা প্যাথলজিতে ব্যাচেলর ডিগ্রিধারী ব্যক্তিরাও বিশেষ অগ্রাধিকার পাবেন। উল্লেখ্য, এটি কোনো ক্লিনিক্যাল ডিগ্রি নয়।
আবেদন জমা দেওয়ার নিয়মাবলি
আবেদনপত্র জমার সময় প্রার্থীর মূল ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাজীবনের সব পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্র সংযুক্ত করতে হবে। এ ছাড়া যেসব প্রার্থী বর্তমানে কোথাও কর্মরত আছেন, তাঁদের ক্ষেত্রে নিজ নিজ কর্মস্থলের অনাপত্তিপত্র প্রদান করা বাধ্যতামূলক। সব কাগজপত্র সঠিকভাবে যাচাইয়ের পর নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আবেদন জমা নেওয়া হবে। ভর্তিপ্রক্রিয়ার জন্য আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। প্রার্থীরা আগামী ০৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিভাগের অফিস থেকে সরাসরি অথবা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সংগ্রহ ও জমা দিতে পারবেন।
পরীক্ষার সময়সূচি ও ভর্তিসংক্রান্ত তথ্যাবলি
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষার ফলাফল ২০ ডিসেম্বর ২০২৬ (রোববার) বিভাগীয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। ভর্তিসম্পর্কিত যেকোনো বিস্তারিত জানতে ০১৭৭২৩৬৩৩৯৯ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।