ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে অনলাইনে আবেদনের কার্যক্রম আগামী ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে। এ কার্যক্রম ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
২০২৬–২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।
আজ রোববার (২ আগস্ট ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি
সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে—
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার।
২. বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার।
৩. ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার।
৪. চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার।
৫. আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
নম্বর বণ্টন কীভাবে
সভায় চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। আইবিএ ইউনিটের পরীক্ষায় ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট ও অঙ্কন/লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
আবেদনের যোগ্যতা
*ভর্তি–ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
*পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ ও আলাদাভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ ও আলাদাভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
*কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ ও আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০০ ও আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ এবং বাণিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫০ ও আলাদাভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
*ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ ও আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০০ ও আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫০ ও আলাদাভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
*চারুকলা ইউনিটের জন্য জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫০ ও আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে।
সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন ও ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস ২৮ মার্চ ২০২৭ তারিখে শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।