ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭: ২২টি বাগ্ধারা: মনোযোগ দিয়ে পড়ো
বাংলা: ব্যাকরণ
বাগ্ধারা
১. অক্কা পাওয়া (মরে যাওয়া): পকেটমারটি গণপিটুনিতে অক্কা পেয়েছে।
২. অর্ধচন্দ্র (গলাধাক্কা): কথা না শোনায় ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দিল।
৩. অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন): কামালের কাছে চাঁদা চাওয়া একেবারেই অরণ্যে রোদন।
৪. অগাধ জলের মাছ (সুচতুর ব্যক্তি): শিহাব অগাধ জলের মাছ, তার মারপ্যাঁচ ধরা মুশকিল।
৫. আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ): তুমি আমড়া কাঠের ঢেঁকি, তাই তোমাকে দিয়ে কিছুই হবে না।
৬. আক্কেল সেলামি (বোকামির দণ্ড): বিনা টিকিটে ট্রেনে চড়ে নিপু পঞ্চাশ টাকা আক্কেল সেলামি দিল।
৭. আষাঢ়ে গল্প (আজগুবি গল্প): এসব যে তোমার আষাঢ়ে গল্প, তা আমাদের জানা হয়ে গেছে।
৮. উড়নচণ্ডী (অমিতব্যয়ী): ছেলেটা উড়নচণ্ডী,তাই পৈতৃক সম্পত্তি রক্ষা করা কঠিন।
৯. ইঁদুর কপালে (মন্দভাগ্য): বিপুলের ইঁদুর কপালে, তাই তো টাঁকশালের চাকরিটা হয়েও হলো না।
১০. এলাহি কাণ্ড (বিরাট ব্যাপার): বিয়েতে এত বড় আয়োজন! এ যে দেখছি এলাহি কাণ্ড।
১১. কই মাছের প্রাণ (যা সহজে মরে না): লোকটার কই মাছের প্রাণ, এত বয়সেও বেঁচে গেল।
১২. কলুর বলদ (একটানা খাটুনি): সংসারের পিছে কলুর বলদের মতো সারা জীবন খাটলাম।
১৩. খয়ের খাঁ (চাটুকার): খয়ের খাঁ থেকে একটু সাবধান থেকো।
১৪. খেজুরে আলাপ (অকাজের কথা): কাজের সময়ে খেজুরে আলাপ করতে ভালো লাগে না।
১৫. গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে পথ চলতে শেখো।
১৬. গোঁফ খেজুরে (অলস): গোঁফ খেজুরে লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।
১৭. গুড়ে বালি (আশায় নৈরাশ্য): আশা করেছিলাম বিদেশে যাব, এখন দেখছি সে গুড়ে বালি।
১৮. গোড়ার ডিম (অবাস্তব বস্তু): পড়াশোনায় মনোযোগী না হলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবে।
১৯. গোড়ায় গলদ (শুরুতে ভুল): এ অঙ্ক মিলবে না, কারণ গোড়াইতে তো গলদ রয়েছে।
২০. চোখের বালি (অপ্রিয় লোক): মা–মরা ছেলেটি সৎমায়ের চোখের বালি।
২১. চুনোপুঁটি (সামান্য ব্যক্তি): সকলকে চুনোপুঁটি ভেবে অবজ্ঞা করা উচিত নয়।
২২. চুলোয় যাওয়া (নষ্ট হওয়া): ছোট্ট একটা ভুলের জন্য এমন পরিশ্রমের কাজটা শেষ পর্যন্ত চুলোয় গেল।
*অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা