ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ইউনিটে কোটায় ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকার আজ, যেসব কাগজপত্র আনতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কোটায় ভর্তি–ইচ্ছুকদের তালিকা প্রকাশ করা হয়েছে আগেই। আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আজ সোমবার (১০ জুলাই) অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ২০২২-২৩ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক্, শ্রবণ, শারীরিক, নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও ট্রান্সজেন্ডার বা হিজড়া সম্প্রদায়), হরিজন ও দলিত সম্প্রদায় কোটায় যাঁরা আবেদন করেছেন, তাঁদের আগামী সোমবার (১০ জুলাই) সকাল ৯টায় কলা অনুষদ ডিন অফিসে প্রাথমিক যাচাই–বাছাইয়ের জন্য কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
সেই সঙ্গে যাচাই–বাছাইয়ের যেকোনো পর্যায়ে যদি কোনো নম্বরপত্র, সনদ, কিংবা অন্য কিছু জালিয়াতি বা অসত্য প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তি বাতিল হবে এবং তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১.
শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র,
২.
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র,
৩.
মুক্তিযোদ্ধার মূল সনদ,
৪.
বীর মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্কের প্রামাণিক কাগজপত্র,
৫.
ওয়ার্ড কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট বা অফিসের চেয়ারম্যান বা পরিচালক বা অফিসপ্রধানের প্রত্যয়নপত্র,
৬.
উপজাতি বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে আদিবাসীপ্রধান বা জেলা প্রশাসকের সনদ,
৭.
দৃষ্টি, শ্রবণ, বাক্ ও শারীরিক প্রতিবন্ধী, নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও ট্রান্সজেন্ডার বা হিজড়া সম্প্রদায় প্রার্থীদের যথার্থতার সনদ (বিশেষজ্ঞ ডাক্তারের সনদ),
৮.
হরিজন ও দলিত সম্প্রদায়ের সংগঠনপ্রধানের সনদ প্রয়োজন হবে।