একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ২০২৭ এই তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না হওয়ায় যেকোনো একটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারানোর শঙ্কায় রয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের অধীন রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের বিষয়গুলো। পাশাপাশি একই দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এই ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিটই মূলত মানবিক ও সামাজিক বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে একই দিনে পরীক্ষা নির্ধারণ করায় উভয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করে। সেই সময়সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। পরে ১০ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে। এতে খুবির ‘সি’ ইউনিটের পরীক্ষাও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এদিকে ১১ নভেম্বর ২০২৬ বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচিতে সংঘাত তৈরি হয়েছে।
এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাঁদের দাবি, এক দিনে দেশের দুই প্রান্তে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল করিম চৌধুরী বলেন, ‘আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে তারিখ ঘোষণা করেছি। চবি কিংবা খুবি আমাদের নোটিশটা ফলো করতে পারত। তারপরও ইউজিসির সঙ্গে আলোচনা করে পরীক্ষা কমিটি এ বিষয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদী।’
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসান মিয়া জানান, যেহেতু আমরা আগেই ঘোষণা দিয়েছি। বর্তমান তারিখটাই বহাল থাকবে। আপাতত পরিবর্তনের সুযোগ দেখছি না। যদি পরিবর্তন করতে হয় তাহলে পরীক্ষা কমিটি আলোচনায় বসতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমে তিনি জানান, ‘বিষয়টি অবগত হয়েছি। দুই বিশ্ববিদ্যালয়কে বিষয়টি নিয়ে জানানো হবে। আশা করি সমস্যার সমাধান হবে।’
*লেখক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী