উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, ভর্তি যেভাবে

ছবি: সংগৃহীত

দূরশিক্ষণ ও প্রফেশনাল শিক্ষার প্রসারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ‘মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর)’ প্রোগ্রামের ১০ম ব্যাচে (২০২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য, পুনর্বাসন ও ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক পেশায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

ব্লেন্ডেড মোডের মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু একাডেমিক যোগ্যতা থাকতে হবে। স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্রটেক্টিকস অ্যান্ড অর্থোটিকস, এমবিবিএস, বিডিএস, নার্সিং, ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কিংবা জীববিজ্ঞানসহ বিএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০/সমমান এবং একত্রে জিপিএ ৭.০০/সমমানসহ ইন্টার্নশিপ থাকতে হবে। স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৫০% নম্বর বা জিপিএ ২.৫ (৪ স্কেলে) থাকতে হবে।

আরও পড়ুন

অনলাইন আবেদনপ্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ সময়সূচি

সম্পূর্ণ আবেদনপ্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় শুরু হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। চলবে ২৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদন ফি বাবদ ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। মনোনীত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ২০২৭ (সকাল ১০টায়) বাউবির মূল ক্যাম্পাস, গাজীপুরে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টায়।

ভর্তি পরীক্ষার মানবণ্টন ও অন্যান্য তথ্য

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ডে মূল্যায়ন করা হবে। স্নাতক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হেলথ সায়েন্স, ডিজঅ্যাবিলিটি, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, রিসার্চ ও পরিসংখ্যান বিষয়ে ৬০ নম্বরের এমসিকিউ এবং লিখন–দক্ষতা (বাংলা ও ইংরেজি) অংশে ২০ নম্বরসহ মোট ৮০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আবেদনকারীর সামগ্রিক যোগ্যতা নিরূপণের জন্য ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। টিউটোরিয়াল ক্লাসগুলো বাউবির মূল ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুরে সরাসরি ও অনলাইনে অনুষ্ঠিত হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবির অফিশিয়াল ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে।

*বিস্তারিত দেখুন এখানে