জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি কলেজে ২৮ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত শর্ত ও নির্দেশনা জানতে ওয়েবসাইটের Honours Professional অপশনে গিয়ে Admission Guideline লিংকে ক্লিক করতে বলা হয়েছে। এ ছাড়া পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সব শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
আবেদনে অন্য গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদন কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী ২৯ এপ্রিলের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন করতে হবে। এরপর ৩০ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত সময়ের মধ্যে কলেজগুলোকে আবেদনকারীপ্রতি ৮০০ টাকা হারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ফি সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিতে হবে।
এ লক্ষ্যে কলেজগুলোকে নির্ধারিত পদ্ধতিতে লগইন করে Application Payment Info (Honours Prof.) অপশন থেকে Pay Slip ডাউনলোড করে ব্যাংকে ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।