ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম মনোনয়নপ্রাপ্তদের জন্য নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সব ইউনিটের বিষয়গুলোতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের হল বরাদ্দ এবং পঞ্চম বিষয় মনোয়ন নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পঞ্চম মনোনয়নের বিষয়ে বলা হয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সব ইউনিটে ভর্তির পঞ্চম মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শিক্ষার্থীরা পঞ্চম মনোনয়নে প্রাপ্ত বিষয়ের নাম দেখতে পাচ্ছেন। বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ১০ আগস্ট শুরু হবে। শিক্ষার্থীদের আগামী ১৪ আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তির জন্য মনোনীত বিভাগ/ ইনস্টিটিউটে আসার পূর্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব ফি পরিশোধ করে রসিদ সংগ্রহ করতে হবে। যে বিভাগ/ হলের জন্য প্রযোজ্য আনুষঙ্গিক জামানত/ ফি সমূহ নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউট/ হলে ভর্তির সময় সশরীর হাজির হয়ে পরিশোধ করতে হবে।
এদিকে হল বরাদ্দের বিষয়ে এক নির্দেশনায় বলা হয়েছে, ইউনিট অফিস কর্তৃক হল মনোনয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও অন্যান্য ফি দেওয়ার অপশন অনলাইনে পাওয়া যাবে। বর্তমানে হল মনোনয়ন ইউনিট অফিসসমূহে প্রক্রিয়াধীন রয়েছে।