চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৮৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ডি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে এ ফল প্রকাশ করা হয়।

২২ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৯ হাজার ৩৯২ জন আবেদন করে পরীক্ষা দিয়েছিলেন ২৯ হাজার ৮২ জন। তবে বৈধ ওএমআর শিট জমা পড়েছে ২৮ হাজার ৬৭৮ জনের। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৯২২ জন। আর পাস করেননি ২৩ হাজার ৭৫৬ জন। সেই হিসাবে অকৃতকার্য হয়েছেন ৮২ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী এবং পাস করেছেন ১৭ দশমিক ১৬ শতাংশ।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, যাচাই–বাছাই করে এ ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী নিজ নিজ প্রোফাইলে লগ ইন করে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।

আরও পড়ুন

সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসনের অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে সাজানো হয়েছে ‘ডি’ ইউনিট। এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ১১৬টি।